আক্রান্ত দেশে সাহায্য পৌঁছানো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে বৈশ্বিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। সংক্রমণের শিকার দেশগুলোতে ওই রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ জেনেভায় ইবোলা বিষয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে। আগস্টের পর থেকে এটি হবে এ রকম তৃতীয় বৈঠক। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
ইবোলার ভয়াবহতার সবচেয়ে বড় শিকার পশ্চিম আফ্রিকার তিন দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে সহায়তা পৌঁছানোর কথা জানিয়েছেন ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে মাহামা এসব কথা জানান। তিনি বলেন, এসব দেশে ইবোলায় আক্রান্ত ব্যক্তিদের জন্য পরিচর্যাকেন্দ্র খোলা হচ্ছে।
ঘানার প্রেসিডেন্ট বলেন, ইতিমধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বেশি ক্ষতিগ্রস্ত ওই তিন দেশে বিমান থেকে মানবিক সহায়তা দেওয়া শুরু করেছে। জন মাহামা পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের অর্থনৈতিক জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটসের (ইকোওয়াস) প্রধান। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নানা ধরনের যানবাহন এবং সংক্রমণ রোধে বেশি সক্ষম এমন পোশাক পাঠানো হচ্ছে।
ইবোলা পরিস্থিতি মোকাবিলায় যেসব আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাচ্ছে, সেগুলোর সমন্বয় করার জন্য নভেম্বর মাসে ইকোওয়াসের শীর্ষ সম্মেলন ডাকা হয়েছে।
টিকার পরীক্ষা-নিরীক্ষা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইবোলার দুটি সম্ভাব্য টিকার পরীক্ষা-নিরীক্ষাকে গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালিতে শিম্পাঞ্জি থেকে উদ্ভাবিত এই টিকার ছোট আকারে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। এ মাসের শেষের দিকে সুইজারল্যান্ডে টিকাটির আরও পরীক্ষা-নিরীক্ষা হবে। ভিএসভি নামে আরেকটি টিকার পরীক্ষাও যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে।
জাপানের ফুজি ফিল্ম কোম্পানি আফ্রিকার আক্রান্ত দেশগুলোতে ইবোলার পরীক্ষামূলক ওষুধ এভিগান ব্যাপক হারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওষুধটি জাপানে ইনফ্লুয়েঞ্জার জন্য ব্যবহৃত হয়। ফ্রান্স ও গিনি আগামী নভেম্বরে এভিগানের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে।
বহির্গমনই বেশি কার্যকর: ইবোলা সংক্রমণ রোধে বিমানবন্দরে বহির্গমনের সময় পরীক্ষা করাই বেশি কার্যকর বলে এক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে। নামী চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত ওই গবেষণায় তিন ইবোলা আক্রান্ত দেশের তিনজন রোগীর কথা উল্লেখ করে বলা হয়, দেশ থেকে চলে যাওয়ার সময় পরীক্ষা করে তাঁদের দেহে ইবোলার সংক্রমণ শনাক্ত করা হয়।
সিডিসির নির্দেশনা: ইবোলা রোগীদের পরিচর্যার দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের জন্য কঠোর নির্দেশিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রকবিষয়ক শীর্ষ গবেষণাপ্রতিষ্ঠান সেন্টারস ফর ডিজিজি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
লাইবেরিয়া থেকে আসা ইবোলায় আক্রান্ত এক রোগীকে পরিচর্যা করে যুক্তরাষ্ট্রের দুই সেবিকা ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ার পর এ নির্দেশিকা তৈরি হলো। সিডিসির প্রধান টম ফ্রাইডেন বলেছেন, নতুন নির্দেশিকায় ব্যাপকভাবে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা আছে। এতে বলা হয়েছে, ইবোলা রোগী নিয়ে যাঁরা কাজ করবেন, তাঁদের শরীরের কোনো অংশ খোলা রাখা যাবে না।
জাতিসংঘের কর্মীর মৃত্যু: এদিকে সিয়েরা লিওনে জাতিসংঘের অঙ্গসংগঠন ইউএন উইমেনের এক কর্মী ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এডমান্ড বাঙ্গরা সিসে নামের ওই কর্মী ছিলেন ইউএন উইমেনের গাড়িচালক। তিনি ইবোলায় মারা যাওয়া তৃতীয় জাতিসংঘ কর্মী। ইবোলায় আক্রান্ত হয়ে জাতিসংঘের সুদানি এক স্বাস্থ্যকর্মী গত সপ্তাহে জার্মানির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।