আজ নির্বাচনে রক্তপাত বরদাশত করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ শনিবার ভোট। এ নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কা থেকেই নির্বাচনের তারিখ পিছিয়েও দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্ট গুডলাক জোনাথন গতকাল শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের রক্তপাত বরদাশত করা হবে না। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর রয়টার্সের।

আজ সাবেক সামরিক শাসক মুহাম্মাদু বুহারির সঙ্গে প্রেসিডেন্ট জোনাথনের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৯ সালে সামরিক শাসন শেষ হওয়ার পর এবারই দেশটিতে প্রথম চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।

ভোট সামনে রেখে জাতির উদ্দেশে গতকাল দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জোনাথন বলেন, কোনো ধরনের রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের নামে সহিংসতা বা রক্তপাত একদম বরদাশত করা হবে না।

নাইজেরিয়ায় ২০১১ সালে নির্বাচনোত্তর সহিংসতায় প্রায় ৮০০ জন নিহত হয়েছিল। ওই নির্বাচনে বুহারিকে হারিয়েছিলেন জোনাথন। এদিকে নাইজেরিয়ার সেনাবাহিনী গতকাল দাবি করেছে, তারা জঙ্গি সংগঠন বোকো হারামের কাছ থেকে গোওজা শহর উদ্ধার করার পর সেখানে থাকা সংগঠনটির সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে।