আতঙ্কই অবস্থাকে আরও খারাপ করছে

যেকোনো মহামারির প্রথম শিকার হয় পর্যটনশিল্প। পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা এ ক্ষেত্রে সর্বশেষ উদাহরণ। নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী লাগোস। এ শহরের একটি অভিজাত হোটেল গ্রুপের ব্যবস্থাপক ড্যারেন জুলিস বলছেন, ‘ইবোলা-ভয় সত্যিকার অর্থেই বুকিংয়ের ওপর প্রভাব ফেলেছে। অনেক বড় বড় প্রতিষ্ঠান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
নাইজেরিয়া সরকারের তথ্যমতে, ইবোলায় আক্রান্ত হয়ে মাত্র দুজন মারা গেছে। গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে এক হাজারের বেশি লোক মারা গেছে। এসব দেশের ব্যবসা-বাণিজ্য আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। মানুষ ও পণ্য চলাচলের ওপর সরকারের নিষেধাজ্ঞার কারণে কিছু এলাকায় লোকজনকে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে। আন্তসীমান্ত বাজারগুলো বন্ধ হওয়ায় ক্ষুদ্র বিক্রেতাদের একটি আয়ের পথ বন্ধ হয়ে গেছে। কৃষকেরা আক্রান্ত এলাকা ছেড়ে যাচ্ছেন। তাঁদের ফসল নষ্ট হচ্ছে জমিতেই।
লন্ডন থেকে প্রকাশিত দ্য ইকোনমিস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারগুলো ও দাতাগোষ্ঠীগুলো ইবোলা আক্রান্ত ব্যক্তিদের চিকিত্সার জন্য হয়তো কয়েক কোটি ডলার খরচ করবে। কিন্তু এ চিকিত্সা খরচের চেয়েও অর্থনীতির ক্ষতি অনেক বেশি হবে। ইবোলার ছড়িয়ে পড়ার বিস্তৃতি আর সংক্রমণের স্থায়িত্বের ওপর এ ক্ষতির পরিমাণ নির্ভর করবে। বিশ্বব্যাংক ইতিমধ্যে গিনির এ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা শতকরা এক ভাগ কমিয়ে পুনর্নির্ধারণ করেছে। আর লাইবেরিয়ার জন্য আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন এখন অবাস্তব বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।
সব মহামারি অর্থনৈতিক ক্ষতি মৃতের সংখ্যার তুলনায় অনেক বেশি হয়। ২০০৩ সালে সেভেয়ার অ্যাকুট রেসপাইরেটরি সিনড্রোম (সার্স) নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়ে। এতে বিশ্বব্যাপী আট হাজারের মতো মানুষ আক্রান্ত হয়। প্রাণ হারায় ৮০০ জনের কম। কিন্তু ধারণা করা হয়, সার্স ভাইরাস বিশ্ব অর্থনীতির ৫০ হাজার কোটি মার্কিন ডলারের মতো ক্ষতি করেছে। ভয় ও আতঙ্ক আসলেই রোগটির মতো ক্ষতির কারণ হতে পারে। অতীতের মহামারি নিয়ে করা এক অনুসন্ধানে জানা যায়, যেসব রোগের ভালো চিকিত্সা নেই তা মানুষের মধ্যে অতিরিক্ত ভয়ের জন্ম দেয়। রোগটির সংক্রামিত হওয়ার আশঙ্কা কম থাকলেও তীব্র উত্কণ্ঠা দেখা যায়। ইবোলার ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে ইকোনমিস্ট মনে করে।
ইবোলা বিস্তার রোধে সরকারগুলোকে কাজ করতে হচ্ছে। শুধু মহামারির সঙ্গে সংগ্রাম করেই জন-আতঙ্ক দূর করা যায় না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, সরকারগুলো এমনটাই করছে। আসলে আতঙ্ক দূর করতে স্বচ্ছতা খুবই জরুরি। ইবোলা ঠিক কতটা ছড়িয়েছে তা প্রকাশ করে গুজব বন্ধ করা যেতে পারে। কিন্তু এ ক্ষেত্রে ঝুঁকি হলো, দুর্বল সরকারগুলো তাদের অক্ষমতাকে তুলে ধরতে পারে।
ইকোনমিস্ট-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইবোলাপীড়িত পশ্চিম আফ্রিকায় স্বাস্থ্যসেবার অবস্থা খুবই নাজুক। অনেক বিদেশি প্রতিষ্ঠান ইতিমধ্যে তাদের কর্মচারীদের দেশে ফিরিয়ে নিয়েছে। অনেক বড় প্রতিষ্ঠানে এখন বিদেশি কর্মচারীর সংখ্যা শূন্য। অত্যাবশ্যক নয় এমন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ বছর লাইবেরিয়া থেকে লোহার আকরিক পরিবহন করছে চায়না ইউনিয়ন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজস্ব কার্যক্রম কমিয়ে এনেছে। ইবোলা বিস্তার রোধ করা না গেলে সাময়িকভাবে ব্যবসা বন্ধের কথা জানিয়েছে তারা। সম্ভাব্য ঝুঁকি নির্ধারণকারী আইএইচএস নামের একটি প্রতিষ্ঠানের ধারণা, ইবোলার ভাইরাসের বিস্তার অব্যাহত থাকলে বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এমনকি অনিবার্য কারণ দেখিয়ে খনি বন্ধ করে দেওয়ার ঘোষণাও আসতে পারে। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে বলে জানিয়েছে পত্রিকাটি।
এমনকি নাইজেরিয়ার কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বিদেশি কর্মচারীদের সরিয়ে দিয়েছে। অনেকে আবার ব্যবসায়িক সফর বা গ্রীষ্মের ছুটির নাম করে নাইজেরিয়া ছাড়ছেন। তবে অধিকাংশ প্রতিষ্ঠান ‘সময় নিয়ে দেখা’র নীতি অনুসরণ করছে। শেল নামের একটি তেল কোম্পানি নাইজেরিয়ার একটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তারা সংকট ব্যবস্থাপনার জন্য একটি দল গঠন করেছে। ইবোলার ঝুঁকির সঙ্গে মৃতের সংখ্যা ও বিভিন্ন এলাকায় এর বিস্তারের বিষয়টি পর্যালোচনার কাজটি করছে ওই দল।
ব্রিটিশ এয়ারওয়ে, এমিরেটস ও আফ্রিকার দুটি বিমান পরিবহন সংস্থা ইবোলা ছড়িয়ে পড়া কিছু দেশে তাদের ফ্লাইট বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, অন্যরাও তাদের অনুসরণ করতে পারে। আইএইচএসের মতে, আরও বেশি শহরে এটি ছড়িয়ে পড়লে পশ্চিমা সরকারগুলো তাদের কোম্পানিগুলোকে ব্যবসা সরিয়ে নিতে বলবে। নাইজেরিয়ার লাগোসে যেসব কোম্পানির আঞ্চলিক কার্যক্রম আছে, তারা এখনো চুপ করে আছে। কিন্তু ভবিষ্যত্ পরিকল্পনা তৈরি করেই রেখেছে।