আত্মঘাতী বোমায় নিহত ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত মঙ্গলবার একটি আশ্রয়শিবিরে আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন। তিন নারী এসব আত্মঘাতী বোমা হামলা চালায়। স্থানীয় সূত্র এ কথা জানায়। জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্য বাবা কুরা বলেন, বর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ২৫ কিলোমিটার দূরে মান্দারারি শহরে এ হামলা চালানো হয়। কুরা আরও বলেন, আইডিপি (অভ্যন্তরীণভাবে গৃহহীন হয়ে পড়া মানুষ) আশ্রয়কেন্দ্রের বাইরে তিন নারী এসব শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, প্রথম হামলাকারী তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে সেখানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম বিস্ফোরণটি ঘটার পর লোকজন যখন ভীতসন্ত্রস্ত হয়ে তাঁদের দোকানপাট বন্ধ করার চেষ্টা করছিলেন, তখনই অপর দুই নারী তাঁদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। জঙ্গিবিরোধী স্থানীয় মিলিশিয়া বাহিনীর প্রধান ইব্রাহিম লিমান এ হামলার খবর নিশ্চিত করেছেন। এএফপি