
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার কেনিয়ায় ঐতিহাসিক সফর শুরু করেছেন। ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই পিতৃপুরুষের দেশে তাঁর প্রথম সফর। ওবামার সফর নিয়ে দেশটিতে সঞ্চার হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, এমনকি উন্মাদনার। এ সফরে বাবার জন্মভিটেয় যাবেন না ওবামা।
মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরে কেনিয়া ভাসছে আনন্দের জোয়ারে। পাশাপাশি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সম্ভাব্য হামলা এড়াতে রাজধানী নাইরোবিতে নেওয়া হয়েছে ‘শ্বাসরুদ্ধকর’ নিরাপত্তাব্যবস্থা। খবর এএফপি ও রয়টার্সের।
কেনিয়ার স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় নাইরোবির বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। বিমানবন্দরে ওবামাকে স্বাগত জানান কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওবামার সৎবোন উমা ওবামা।
সফরকালে প্রেসিডেন্ট কেনিয়াত্তার সঙ্গে ওবামার বৈঠক করার কথা। কেনিয়ায় মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, নিরাপত্তা, সন্ত্রাসবাদবিরোধী অভিযান ও মানবাধিকার বিষয়ে আলোচনা করার কথা তাঁদের। আগামীকাল রোববার বিকেলে ওবামা প্রতিবেশী দেশ ইথিওপিয়ায় যাবেন।
দাদি নাইরোবিতে: ওবামার সৎদাদি সারাহ হোসেন ওবামা গতকাল সকালেই দেশটির কিসুমু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে নাইরোবির উদ্দেশে রওনা হন। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘ওবামার সঙ্গে দেখা করে তার বাবা বারাক হোসেন ওবামা সিনিয়রের সমাধিতে আসার জন্য রাজি করাব। আমি চাই, সে সিয়ায়া কাউন্টির কোগেলো গ্রামে তার বাবার সমাধিতে গিয়ে প্রার্থনা করুক। জানি না তাকে রাজি করাতে পারব কি না। তবে চেষ্টার ত্রুটি রাখব না। এলাকাবাসীও তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
অবশ্য মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে এবারের সফরে তাঁর বাবার সমাধিতে যেতে পারছেন না ওবামা।
দেশজুড়ে উৎসবের আবহ: এরপরও কিসুমুজুড়ে উৎসব। দোকানে দোকানে বিক্রি হচ্ছে বিশেষ ধরনের টি-শার্ট ও টুপি। লোকজন সেগুলো পরে নেচে-গেয়ে আনন্দ করছেন। কোনো কোনোটিতে লেখা, ‘সিয়ায়া—এই সেই স্থান, যেখান থেকে আমার গল্প শুরু হয়েছে’। আবার কোনোটিতে লেখা, ‘বাবা, আমি যুক্তরাষ্ট্র থেকে বাড়ি ফিরছি’।
কিসুমু-বুসিয়া মহাসড়কের পাশে বিশাল এক বিলবোর্ডে বড় বড় হরফে লেখা, ‘পিতৃগৃহে ওবামাকে স্বাগত’। কেনিয়ার গণমাধ্যমও ওবামার এই সফর নিয়ে সরগরম হয়ে উঠেছে। দেশটির সবচেয়ে পুরোনো সংবাদপত্র স্ট্যান্ডার্ডের অনলাইনে শিরোনাম করা হয়েছে, ‘স্বাগত প্রেসিডেন্ট ওবামা’।
ওবামার গতকালই নাইরোবিতে ‘বৈশ্বিক উদ্যোক্তা শীর্ষ সম্মেলনে’ বক্তব্য দেওয়ার কথা। স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বিনিয়োগের বিষয়ে গতকাল চুক্তি সই করার কথা ছিল তাঁর।