আফ্রিকায় অভিবাসনের প্রমাণ জিন নকশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো আফ্রিকার আদি মানুষের জিন নকশা উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। সাড়ে চার হাজার বছরের পুরোনো ওই ডিএনএর নমুনা নেওয়া হয় ইথিওপিয়ার একটি পার্বত্য গুহায় প্রাপ্ত মাথার খুলি থেকে। জিন নকশা বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, ইউরোপ ও এশিয়া (ইউরেশিয়া) থেকে আফ্রিকায় বিপুলসংখ্যক মানুষ অভিবাসী হয়েছিল।
আফ্রিকার এখনকার মানুষের জিনগত উপাদানের সঙ্গে ওই প্রাচীন ডিএনএর তুলনা করেন গবেষকেরা। তাঁরা দেখেন কীভাবে মানুষের পূর্বসূরিদের মধ্যে মিশ্রণ ঘটেছিল এবং তারা আফ্রিকার বিভিন্ন অংশে বিচরণ করেছিল।
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, আফ্রিকায় প্রায় তিন হাজার বছর আগে ইউরেশিয়া থেকে বড় ধরনের অভিবাসন হয়েছিল। সেই ঘটনার জিনগত উত্তরাধিকার এখনো রয়ে গেছে।
গবেষক দলের প্রধান যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যান্ড্রিয়া মনিকা বলেন, প্রাচীন জিনোম থেকে সরাসরি সুদূর অতীতের তথ্য পাওয়া যায়। একজন ব্যক্তির একটি জিনোমই গোটা জনসংখ্যার বৈশিষ্ট্য ধারণ করে। কী কারণে এত বেশি মানুষ ইউরোপ ও এশিয়া অঞ্চল থেকে হঠাৎ আফ্রিকায় গিয়েছিল—সেটা এক বড় রহস্য।
বিজ্ঞানীরা গত বৃহস্পতিবার এএফপিকে বলেন, তাঁদের এ গবেষণা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। কারণ, উষ্ণ আবহাওয়ার কারণে আফ্রিকায় প্রাচীন ধ্বংসাবশেষ থেকে ডিএনএ উদ্ধার করা খুব কঠিন। যে গুহা থেকে ওই আদি মানুষের খুলি উদ্ধার করা হয়, সেটা শুষ্ক ও শীতল ছিল। তা ছাড়া মুখমণ্ডল নিচের দিকে রেখে লোকটিকে সমাহিত করা হয়েছিল। সূত্র: বিবিসি