আফ্রিকায় করোনা শনাক্ত ছাড়াল ১৫ লাখ
আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার পর্যন্ত এ সংখ্যা পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এর মধ্যে মারা গেছেন ৩৬ হাজারের বেশি মানুষ।
করোনা মহামারির শুরুতে আফ্রিকার জন্য যে ধরনের ভয়ংকর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, এখন পর্যন্ত তা প্রতিফলিত হয়নি। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা চারটি কারণ চিহ্নিত করেছেন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে কোভিড-১৯-এ আক্রান্ত ও মারা যাওয়া মোট রোগীর প্রায় অর্ধেকই দক্ষিণ আফ্রিকার। এখানকার দেশগুলোতে ৬ লাখ ৮০ হাজারের মতো মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন প্রায় ১৭ হাজার।
উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিসরে কোভিড-১৯ সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৫৫৭ জন, মারা গেছেন প্রায় ৬ হাজার।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে কোভিড-১৯ শনাক্ত হয়েছে প্রায় ৬০ হাজার মানুষ, মারা গেছেন ১ হাজার ১১৩ জন।
করোনা মহামারির শুরুতে আফ্রিকার জন্য যে ধরনের ভয়ংকর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, এখন পর্যন্ত তা প্রতিফলিত হয়নি।
এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, এই মহাদেশে বসবাসরত ১২০ কোটির বেশি মানুষের মধ্যে তুলনামূলক অধিকাংশই তরুণও গ্রামে বসবাস করেন।
অন্যদিকে অর্থনীতিতে পিছিয়ে থাকা এই মহাদেশের অনেক দেশের সঙ্গেই বহির্বিশ্বের যোগাযোগ কম। এ ছাড়া নমুনা পরীক্ষার সক্ষমতাও কম থাকার বিষয়টিকে আফ্রিকার দেশগুলোতে করোনা রোগী কম শনাক্তের অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা।