আবার বাড়ল ইবোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবোলা আক্রান্ত পশ্চিম আফ্রিকার তিনটি দেশেই গত মাসের শেষ সপ্তাহে এই ভাইরাসে নতুন সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। গত বুধবার এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কয়েক দফা সংক্রমণের হার কমার পর আবার ইবোলায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনা ঘটল। খবর বিবিসির।
ডব্লিউএইচও বলছে, শেষ সপ্তাহে ১২৪ নতুন রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৮০ জনই সিয়েরা লিওনের, গিনির ৩৯ এবং বাকি ৫ জন লাইবেরিয়ার। ২০১৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৯ হাজার মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।
জাতিসংঘের ইবোলাবিষয়ক বিশেষ দূত ডেভিড নাবারে বলেন, ‘সীমিত মাত্রায় ইবোলা সংক্রমণ বাড়ার ঘটনা উদ্বেগজনক। তবে এমনটা যে হবে সে বিষয়ে আমরা জানতাম।’ নাবারে বলেন, ‘ইবোলা সংক্রমণের হার কমে যাচ্ছে। আমরা সঠিক পথেই আছি। তবে এর সংক্রমণের হার কমাতে আমাদের কড়া পর্যবেক্ষণ রাখতে হবে। এর কারণ, কিছু কিছু এলাকা আছে যেখানে এই রোগের সংক্রমণের প্রবণতা আছে।’
এক সপ্তাহ আগে ডব্লিউএইচও গত বছরের জুন মাসের পর ইবোলা সংক্রমণের সবচেয়ে কম হারের হিসাব উল্লেখ করেছিল। এই মরণব্যাধির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার একটি আশাও ব্যক্ত করা হয়েছিল।
ডব্লিউএইচও বলছে, স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে স্থানীয় লোকজনের অনিরাপদ জীবনযাপনে এই ভাইরাস নির্মূল প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে পড়ে। গিনিতেই এ ধরনের সমস্যা বেশি। ইবোলায় নিহত একজনের কবর দিতে গিয়ে ঠিকমতো নিয়ম না মানায় দেশটির পূর্বাঞ্চলে অন্তত ১১ জন নতুন করে এই রোগে আক্রান্ত হয়। এখন ওই অঞ্চলে নতুন করে একটি দল পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শোকগ্রস্ত আত্মীয়স্বজন অনেক সময় মৃত ব্যক্তির দেহ স্পর্শ করে। এতে প্রচণ্ড সংক্রামক এই ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে তারা।
এপ্রিল-মে মাসে বর্ষা শুরুর আগে ইবোলা সংক্রমণ রোধে ব্যাপক কর্মসূচি নেওয়ার ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও। কেননা এরপর বৃষ্টিতে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা তৈরি হলে এই রোগে সাহায্য পৌঁছানো দুরূহ হয়ে পড়বে।