নাইজেরিয়ার প্রেসিডেন্ট বললেন, স্ত্রীর জায়গা রান্না ঘরে

সরকার পরিচালনা প্রশ্নে নিজের স্ত্রীর সমালোচনার মুখে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি বলেছেন, তাঁর স্ত্রীর জায়গা হলো বাড়ির রান্না ঘরে। গতকাল শনিবার তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সম্প্রতি মুহাম্মাদু বুহারিকে সতর্ক করে ফার্স্টলেডি আয়েশা বুহারি হুমকি দিয়েছেন, বুহারি তাঁর সরকারে রদবদল না আনলে পরবর্তী নির্বাচনে তাঁকে সমর্থন দেবেন না। তিনি বলেন, প্রেসিডেন্ট যেসব শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন, তাঁদের অধিকাংশকে তিনি নিজেই চেনেন না। সরকার ছিনতাই হয়ে গেছে। প্রেসিডেন্টের দেওয়া বিভিন্ন নিয়োগের পেছনে কিছু লোক কলকাঠি নাড়ে।
এই সমালোচনার জবাবে মুহাম্মাদু বুহারি বলেন, ‘আমি জানি না আমার স্ত্রী কোন দলকে প্রতিনিধিত্ব করে। কিন্তু তার জায়গা আমার রান্না ঘর, লিভিং রুম এবং অন্যান্য কক্ষে।’ মুহাম্মাদু বুহারি এখন জার্মানি সফরে আছেন। বুহারি রোববার যখন এই কথাগুলো বলছিলেন, তখন তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল।