আল-শাবাবের ঘাঁটিতে কেনিয়ার বিমান হামলা
কেনিয়ার বিমানবাহিনী গত রোববার সোমালিয়ায় আল-শাবাবের দুটি ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে। কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর (কেডিএফ) একটি সূত্র গতকাল সোমবার এ কথা জানায়।
নাইরোবি থেকে ৩৬৫ কিলোমিটার দূরে সোমালিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্ব কেনিয়ার গারিসা শহরের বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের জঙ্গিদের হত্যাযজ্ঞের পর এই প্রথম বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া ব্যক্ত করল কেনিয়া।
সূত্র জানায়, কেনিয়ার সীমান্তবর্তী সোমালিয়ার গেদো অঞ্চলে অবস্থিত আল-শাবাবের দুটি ঘাঁটিতে রোববার রাতে বিমান থেকে দফায় দফায় বোমা ফেলা হয়।
গত বৃহস্পতিবার গারিসার বিশ্ববিদ্যালয়ের হত্যাযজ্ঞের প্রসঙ্গ টেনে প্রতিরক্ষা বাহিনীর সূত্র আরও জানায়, ‘তারা (আল-শাবাব) সোমালিয়ার ওই দুটি এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় বলে আমাদের কাছে যে তথ্য রয়েছে, তার ভিত্তিতেই হামলা চালানো হয়েছে।’
গত বৃহস্পতিবার আল-শাবাবের জঙ্গিরা গারিসা শহরের বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৪২ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৪৮ জনকে হত্যা করে।