আল-শাবাবের ওপর চাপ বৃদ্ধির আহ্বান ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইথিওপিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জঙ্গি ইসলামি সংগঠন আল-শাবাবের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। রাজধানী আদ্দিস আবাবায় গতকাল সোমবার বলেন, ‘আল-শাবাব মৃত্যু আর ধ্বংস ছাড়া কিছুই দিতে পারবে না। ওদের ওপর আরও চাপ দিতে হবে আমাদের।’ খবর এএফপি ও রয়টার্সের।
কেনিয়ায় দুই দিনের সফর শেষ করে ইথিওপিয়ায় সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার গভীর রাতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছান তিনি। এ সফরে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ নিরসনে আলোচনা এবং আফ্রিকান ইউনিয়নে (এইউ) ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলিমারিয়াম দেসালাগেন এবং প্রেসিডেন্ট মুলাটু তেসোমের সঙ্গে গতকাল সোমবারই আলোচনায় বসেন ওবামা। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ ইথিওপিয়ায় কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম সফর।
ওবামা ইথিওপিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর ওবামা ইথিওপিয়াসহ কেনিয়া ও উগান্ডার সরকারপ্রধান এবং সুদানের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম ঘানদোরের সঙ্গে বৈঠক করবেন। নবগঠিত রাষ্ট্র দক্ষিণ সুদানে ১৯ মাস ধরে চলা গৃহযুদ্ধ নিরসনে একটি যুক্ত ফ্রন্ট গড়ে তুলতেই এই আলোচনার আয়োজন।
ওবামা আজ মঙ্গলবার এইউয়ের সম্মেলনে ভাষণ দেবেন। আফ্রিকার ৫৪ রাষ্ট্রের এই সংস্থায় এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ভাষণ দেবেন।