ইউরোপমুখী অভিবাসীদের লিবিয়ায় কষ্টের দিন
ছুটা কাজ পাওয়ার আশায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি সেতুর নিচে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকেন ইলিয়াস (১৮)। তিনি বেনিনের নাগরিক। ইউরোপে যাওয়ার জন্য অর্থ সংগ্রহ করতেই তাঁর এই প্রাণান্তকর প্রচেষ্টা। কোনো একটি গাড়ি থামলে ইলিয়াসের মতো বেশ কয়েকজন অভিবাসী হামলে পড়েন। তাঁরা সবাই যেকোনো কাজের জন্য প্রস্তুত।
পরিষ্কার ইংরেজিতে ইলিয়াস বলছিলেন, ‘ভবিষ্যতের জন্য আমাকে যুদ্ধ করতে হবে। এ জন্য অর্থ দরকার। আর এ জন্যই এখানে এসেছি। কিছু পয়সা জোগাড় করতে পারলেই আমি ইউরোপের দেশে রওনা হব।’
লিবিয়ায় থাকা কয়েক হাজার অভিবাসীর একজন ইলিয়াস। অন্য সবার মতো তাঁরও লক্ষ্য একটাই, ইউরোপে পাড়ি জমাতে পাচারকারীদের হাতে অর্থ তুলে দেওয়া। এরপর তাঁদের স্থানীয় নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পাচারকারীরা পৌঁছে দেবে ইউরোপে। ভাগ্যের অন্বেষণে দুর্গম জলপথ পাড়ি দেওয়ার ঝুঁকি নিয়েও সফল হয় খুব কম মানুষ। এদের বেশির ভাগের পরিণতি সাগরে ডুবে মৃত্যু। যাদের ভাগ্য ভালো, তাদের উদ্ধারের পর ফেরত নেওয়া হয়, ফিরে আসতে হয় যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায়। এসব মানুষের জন্য লিবিয়ায় ১৬টি কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে প্রায় সাত হাজার মানুষ আটক আছে।
লিবিয়ায় সমুদ্রতট আছে ১ হাজার ৭৭০ কিলোমিটার। কয়েক বছর ধরেই দেশটি আফ্রিকা থেকে আসা অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখান থেকে ইউরোপ, বিশেষ করে ইতালির পথে পাড়ি দেয় এসব মানুষ। ২০১১ সালে গণ-অভ্যুত্থানে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে অভিবাসীদের স্রোত বাড়তে শুরু করে। জাতিসংঘ বলছে, ২০১৪ সালে ১ লাখ ১০ হাজারেরও বেশি অভিবাসী লিবিয়া হয়ে ইউরোপের পথে পাড়ি জমায়।
গত সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিবিয়ার অভিবাসী শ্রমিকদের ভয়াবহ কষ্টের জীবনচিত্র তুলে ধরেছে। অ্যামনেস্টির ফিলিপ লুথার বলছিলেন, ‘লিবিয়ায় এসব অভিবাসীর ওপর সীমাহীন নির্যাতন চলে। সশস্ত্র লড়াই চলায় দেশটিতে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। আইনের শাসন বলতে সেখানে কিছু নেই।’
বেনিনের কিশোর ইলিয়াসের কাছ থেকে দুর্বৃত্তরা ১ হাজার ১০০ ডলারের বেশি ছিনিয়ে নেয়। তিনি বলছিলেন, ‘এখানে শূন্য থেকে শুরু করে কিছু পয়সা জমিয়েছিলাম। এখানে জীবনের কোনো দাম নেই। দেশে যুদ্ধ চলছে। তার পরও এখানে আছি দুটো পয়সার জন্য।’ এএফপি