ইথিওপিয়ায় বাসে হত্যাকারী বন্দুকধারীদের নির্মূলের দাবি
ইথিওপিয়ায় বাসে উঠে অন্তত ৩৪ জনকে হত্যার ঘটনায় একদল বন্দুকধারীকে ‘নির্মূলের’ দাবি করেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেনিশ্যাংগল-গামুজের কর্তৃপক্ষ। গত শনিবার সন্ধ্যায় সেখানকার দিবেত জেলায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা ওই হামলা চালিয়েছিলেন।
প্রাদেশিক সরকারের পুলিশ বলছে, হামলাকারীরা ১৬ জন ছিলেন। এসব ব্যক্তি দেশটির তাইগ্রে অঞ্চলের প্রধান রাজনৈতিক দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) ‘দূত’ হিসেবে কাজ করেছেন। তবে পুলিশ ওই হামলাকারীদের সঙ্গে টিপিএলএফের যোগসাজশের কোনো প্রমাণ হাজির করতে পারেনি।
প্রসঙ্গত ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারি বাহিনীর সঙ্গে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ তাইগ্রেতে টিপিএলফের লড়াই চলছে। কেন্দ্রীয় সরকার অভিযোগ করে আসছে, টিপিএলএফ দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে। তবে তাইগ্রে জনগোষ্ঠীর এ অভিযোগ অস্বীকার করে আসছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে আবি আহমেদ ক্ষমতায় আসার পর আফ্রিকার এই দেশে রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন শুরু করেন। প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে দুই দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে তাঁরই হাত ধরে। ফলে ক্ষমতায় আসার মাত্র এক বছরের মাথায় নোবেল শান্তি পুরস্কার পান আবি।
প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় আবি আহমেদ প্রশংসিত হলেও নিজ দেশের স্বাধীনতাকামী অঞ্চল তাইগ্রেতে শান্তি ফেরাতে তেমন পদক্ষেপ নেননি বলে অভিযোগ। উল্টো ব্যাপক রাজনৈতিক সংস্কারের নামে তাইগ্রেয়ানদের কোণঠাসা করে ফেলেন বলে অভিযোগ ওঠে আবির বিরুদ্ধে। এই ঘটনা ইথিওপিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বজায় রাখা তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের বিরোধ উসকে দেয়। শুরু হয় টিপিএলএফের বাহিনীর সঙ্গে ইথিওপিয়া কেন্দ্রীয় বাহিনীর রক্তক্ষয়ী সংঘাত, যা গতকাল রোববার (১৬ নভেম্বর) ১২ দিনে গড়িয়েছে।
এর মধ্যে শনিবার রাতে তাইগ্রেয়ান বাহিনী প্রতিবেশী ইরিত্রিয়ার একটি বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে। টিপিএলএফের নেতা দেবরেটসন গ্রেবিমাইকেল ওই হামলার দায় স্বীকার করে বলেছেন, তাইগ্রেয়ানদের ওপর হামলা চালানোর জন্য ইথিওপিয়ার সরকারি বাহিনী ওই বিমানবন্দর ব্যবহার করে আসছিল।
তবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই অভিযোগ অস্বীকার করেছেন। টুইট বার্তায় তিনি বলেন, বিদেশি বিমানবন্দর ব্যবহার করে হামলা চালানোর কোনো প্রশ্ন ওঠে না। ৪ নভেম্বর তাইগ্রেতে সামরিক অভিযানের নির্দেশ দেন আবি আহমেদ। ওই অভিযান প্রতিহত করার ডাক দেয় টিপিএলএফ।
টিপিএলএফের নেতা দেবরেটসন বলেছেন, শুধু ইথিওপিয়ার বাহিনীর সঙ্গেই নয়, সম্প্রতি কয়েকটি স্থানে ইরিত্রিয়া বাহিনীর ১৬টি ডিভিশনের সঙ্গে সম্মুখযুদ্ধ চালিয়ে যাচ্ছে তাঁর বাহিনী।