ইথিওপিয়ায় ১৪০ জনকে হত্যা, অপহৃত ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইথিওপিয়ায় সশস্ত্র দুর্বৃত্তরা ১৪০ জনকে হত্যা করেছে। অপহরণ করেছে অন্তত ৩৯ শিশুকে। ইথিওপিয়া সরকার বলছে, দক্ষিণ সুদানের সঙ্গে তাদের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। সশস্ত্র দুর্বৃত্তরা দক্ষিণ সুদানের মুরলে উপজাতির সদস্য।

ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী গেটাচিও রেডা বলেন, এ ঘটনার পর পর ইথিওপিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সশস্ত্র ব্যক্তিদের ধাওয়া করে। তাদের মধ্যে অন্তত ৬০ জনকে হত্যা করতে সক্ষম হয়েছে ইথিওপিয়ার বাহিনী।
২০১৩ সালের দক্ষিণ সুদান থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইথিওপিয়া। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির তাঁর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ডেপুটি রিক মাচারকে বরখাস্ত করলে দেশটিতে গোলযোগ সৃষ্টি হয়। ওই সময় দক্ষিণ সুদান থেকে পালিয়ে হাজার হাজার মানুষ ইথিওপিয়ায় আশ্রয় নেয়। অভ্যুত্থান-ষড়ন্ত্রের অভিযোগ অস্বীকার করলেও মাচার ওই সময় থেকে সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিদ্রোহীদের সংগঠিত করতে থাকেন। একটি শান্তি চুক্তির অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গড়তে শিগগিরই তাঁর রাজধানী জুবায় ফেরার কথা রয়েছে।
ইথিওপিয়ার যোগাযোগ মন্ত্রী গেটাচিও রেডা বলেন, সশস্ত্র এই হামলাকারীদের সঙ্গে দক্ষিণ সুদানের সরকার বা বিদ্রোহীদের কোনো যোগাযোগ আছে বলে তিনি মনে করেন না।