ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শনিবার এক প্রতিবেদনে জাতিসংঘের সংস্থাটি জানায়, ছয়টি দেশে মোট ১০ হাজার ১৪১ জন নিশ্চিত ও সন্দেহভাজন ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে মালিতে চিহ্নিত হওয়া প্রথম ইবোলা আক্রান্ত শিশুটি মারা গেছে। ডব্লিউএইচও বলছে, দুই বছর বয়সী মেয়েশিশুটির সংস্পর্শে আসা আরও অনেক মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে থাকতে পারে। খবর বিবিসি ও এএফপির।
ডব্লিউএইচও ২৩ অক্টোবর পর্যন্ত তাদের সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে গতকাল ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দেয়। কাগজ-কলমে এখন পশ্চিম আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া, সিয়েরালিওন, মালি এবং ইউরোপের স্পেন ও যুক্তরাষ্ট্র—এই ছয়টি দেশ ইবোলা আক্রান্ত। এই মারাত্মক সংক্রামক ভাইরাসে ইতিমধ্যে চার হাজার ৯২২ জন মারা গেছে।
এদিকে পশ্চিম আফ্রিকার মালির প্রথম ইবোলা আক্রান্ত শিশুটি গতকাল মারা গেছে। শিশুটি বাসে ৬০০ মাইলের বেশি পাড়ি দিয়ে গিনি থেকে মালিতে এসেছিল। মেয়েটির সম্ভাব্য সংস্পর্শে আসা ৪০ ব্যক্তিকে আলাদা করে পরিচর্যা করা হচ্ছে।
গত শুক্রবার এক চিকিৎসকের ইবোলায় আক্রান্ত হওয়ার খবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভীতি ছড়িয়ে পড়েছে। ক্রেগ স্পেনসার নামে ওই চিকিৎসকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই শহরে জানা মতে তিনিই প্রথম ইবোলা রোগী। স্পেনসার সপ্তাহ তিনেক আগে গিনিতে ইবোলা সংক্রমিতদের চিকিৎসা দিয়েছিলেন।