ইবোলা ঠেকাতে বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংগঠন মেদসো সঁ ফ্রঁতিয়েখ (এমএসএফ) মনে করে, ইবোলা ভাইরাসের বিস্তার রোধে বিশ্বজুড়ে সামরিক হস্তক্ষেপ জরুরি। সংগঠনটি অভিযোগ করেছে, ইবোলা ঠেকাতে বিশ্বনেতারা যথাযথ উদ্যোগ নেননি। খবর বিবিসির।
এমএসএফের অভিযোগ, অনেক দেশই পশ্চিম আফ্রিকার দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে। সংগঠনটির মতে, ওই দেশগুলোর ধারণা, ইবোলা তাদের দিকে যাওয়ার আশঙ্কা কম।
এমএসএফের প্রেসিডেন্ট জোয়েন লিউ জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, ইবোলা ইতিহাসের ভয়াবহতমভাবে ছড়িয়ে পড়েছে প্রায় ছয় মাস হলো। কিন্তু বিশ্ব তার বিরুদ্ধে লড়াইয়ে হেরে যাচ্ছে। বিশ্বনেতারা ইবোলার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছেন। তিনি বলেন, ইবোলা ঠেকাতে আন্তর্জাতিকভাবে জোট গঠন জরুরি।
এমএসএফ বলছে, জীববিজ্ঞান-সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় সক্ষম সামরিক ও বেসামরিক দল গঠন করে ইবোলার বিরুদ্ধে মাঠে নামা প্রয়োজন।