ইবোলা মহামারি থাকতে পারে আরও এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার ইবোলা মহামারি ২০১৫ সালের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মারাত্মক সংক্রামক এই ভাইরাসটি আবিষ্কারে সহায়তাকারী একজন শীর্ষ গবেষক এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
পিটার পিয়ট নামের ওই বেলজিয়ান গবেষক সম্প্রতি সিয়েরা লিয়ন থেকে ফিরেছেন। তিনি বিবিসিকে বলেছেন, দেশটিতে ইবোলা পরিস্থিতির উন্নতি ও নতুন ভাইরাসবিরোধী থেরাপি উদ্ভাবনের প্রতিশ্রতিতে তিনি উৎসাহিত হয়েছেন। তবে ইবোলার টিকা তৈরিতে অনেক সময় লেগে যাবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
এবারের মহামারিতে এখন পর্যন্ত ৭ হাজার ৩০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এর বেশির ভাগই পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিয়ন ও লাইবেরিয়ার নাগরিক।
১৯৭৬ সালে যেসব বিজ্ঞানী প্রথম ইবোলা ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম অধ্যাপক পিয়ট বর্তমানে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পরিচালকের পদে রয়েছেন। তিনি বলেছেন, লাইবেরিয়ায় ইবোলার প্রাদুর্ভাব তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং সিয়েরা লিয়নে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একই পরিস্থিতি হবে। তার পরও এই মহামারির একটা ‘অত্যন্ত লম্বা লেজ এবং একটা অসমান লেজ’ থেকে যেতে পারে।
বিবিসির ওয়ার্ল্ড নিউজ সার্ভিসের একটি অনুষ্ঠানে পিটার পিয়ট বলেন, ‘সিয়েরা লিয়নে ইবোলার প্রাদুর্ভাব এখনো খুব বেশি রয়েছে। লোকজন এখনো মরছে, নতুন নতুন ঘটনা শনাক্ত হচ্ছে। একটা লম্বা পদক্ষেপের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সম্ভবত ২০১৫ সালের শেষ পর্যন্ত সময়ের জন্য একটা টেকসই পদক্ষেপ দরকার।’
এদিকে সিয়েরা লিয়নের একজন গ্রামপ্রধানকে ইবোলা ভাইরাস বিস্তার রোধে করা আইনে দোষী সাব্যস্ত করে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের কর্মকর্তা ও আইনজীবীরা গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। ওই ব্যক্তির নাম আমাদু কারগবো। মৃত ব্যক্তিকে গোপনে কবর দেওয়া ও অসুস্থ রোগীর ব্যাপারে তথ্য না দেওয়ায় তাঁর শাস্তি হয়েছে।