ইবোলা রোধে জরুরি অবস্থা, স্কুল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিয়েরা লিওনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। একই কারণে আফ্রিকার আরেক দেশ লাইবেরিয়ার সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
সিয়েরা লিওনের প্রেসিডেন্ট আরনেস্ট বাই কোরোমা গত বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেন। টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, ইবোলা ভাইরাস দেশে বিশেষ অবস্থার সৃষ্টি করেছে। ইবোলা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেবে। ইবোলা উপদ্রুত অঞ্চলে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে। দেশে সভা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
প্রেসিডেন্ট বলেন, দেশের এই দুরবস্থার কারণে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আফ্রিকার ৫০ জন নেতার বৈঠকে তিনি যোগ দিচ্ছেন না। তবে ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে তিনি প্রতিবেশী লাইবেরিয়া, গিনি ও আইভরি কোস্টের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এর মাত্র এক দিন আগে লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালান জনসন সারলিফ দেশের সব বিদ্যালয় বন্ধের ঘোষণা দেন। তিনি বলেন, জরুরি নয় এমন সরকারি কর্মকর্তাদের ৩০ দিনের জন্য বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেনা মোতায়েন করা হয়েছে।
জাতিসংঘের নতুন তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭২ জন মারা গেছে। এখন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার ২০০ জন।
ইবোলার ভাইরাস থেকে মানুষের ইবোলা ভাইরাস ডিজিস (ইভিডি) হয়। এর লক্ষণ হলো উচ্চমাত্রার জ্বর, রক্তক্ষরণ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষয়। ডায়রিয়া ও বমির কারণে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পানিশূন্যতায় ভোগে। ফলের ওপর নির্ভরশীল বাদুড় ইবোলার বাহক। ভাইরাসে আক্রান্ত হওয়ার শুরুতেই ধরা পড়লে রোগীর বাঁচার সম্ভাবনা বেশি থাকে। ফেব্রুয়ারিতে গিনিতে প্রথম ইবোলার সংক্রমণ ঘটে। পরে এটি লাইবেরিয়া ও সিয়েরা লিওনেও ছড়িয়ে পড়ে।
আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা: ইবোলা ভাইরাস অন্য মহাদেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসাবিষয়ক দাতব্য সংস্থা ডকটরস উইদাউট বর্ডারস বলেছে, অবস্থা আরও খারাপ হতে পারে। বিশ্বের ভয়াবহতম এই ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।
ইবোলায় আক্রান্ত হয়েছে এমন সন্দেহভাজন ব্যক্তিদের আলাদা রাখার ঘোষণা দিয়েছে হংকং। আফ্রিকা থেকে আসা এমন এক নারীকে তারা আলাদা রেখেছে। যুক্তরাজ্যেও সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে তারা প্রস্তুত।