ইবোলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকায় দ্রুতগতিতে ইবোলা রোগ ছড়িয়ে পড়েছে। শিগগিরই এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা যথাযথ তথ্য না পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসাও নিতে পারছেন না।
গত শনিবার সম্প্রচার করা যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনের জনপ্রিয় টক শো ‘ফরিদ জাকারিয়া জিপিএস’ অনুষ্ঠানে চ্যানেলটির চিকিৎসাবিষয়ক প্রধান প্রতিবেদক সঞ্জয় গুপ্ত এমন আশঙ্কা প্রকাশ করেন। খবর সিএনএনের।
সঞ্জয় গুপ্ত বলেন, ইবোলায় আক্রান্ত ব্যক্তিরা খুব অল্প সময়ের মধ্যেই মারা যান। বাস্তবতা হলো, এই রোগ প্রতিরোধে এখনো কোনো কার্যকর ব্যবস্থা বা ওষুধ তৈরি হয়নি। তিনি বলেন, এই রোগের মতো আরও কিছু রোগ একই সঙ্গে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। তিনি বলেন, কোনো ব্যক্তি ইবোলা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দ্রুত অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের উচিত, দেরি না করে তাঁকে আলাদা স্থানে রাখা।
এদিকে, গত মাসে আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্ত দ্বিতীয় মার্কিন নাগরিক চিকিৎসক কেন্ট ব্রান্টলিকে (৩৩) শনিবার আটলান্টার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাণঘাতী ইবোলা রোগে আক্রান্ত মার্কিন চিকিৎসক কেন্ট ব্রান্টলিকে একটি বিশেষ উড়োজাহাজে করে শনিবার জর্জিয়ায় এনে আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করা হয়। উড়োজাহাজ থেকে নামানোর সময় তাঁর পুরো শরীর বিশেষ পোশাকে ঢাকা ছিল। ইমোরা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা একটি পৃথক ইউনিটে রেখে ব্রান্টলির চিকিৎসা শুরু করছে।
এর আগে গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্গারেট চ্যান বলেন, ‘ইবোলা প্রতিরোধে আমরা যে গতিতে কাজ করছি, এটি তার চেয়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। পরিস্থিতির এভাবে অবনতি হতে থাকলে তা মহামারি আকার ধারণ করতে পারে।’
মার্গারেট চ্যান বলেন, চার বছরে অনেক রোগে মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এই রোগে এ পর্যন্ত সর্বোচ্চ ৭২৯ জন মারা গেছেন। এর মধ্যে ৬০ জনের বেশি স্বাস্থ্যকর্মী রয়েছেন।