ইবোলামুক্ত হওয়ায় সফল সেনেগাল
পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শুক্রবার ইবোলা ভাইরাসমুক্ত বলে ঘোষণা করেছে। ইবোলা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর থেকেই সেনেগালের সরকার এই সংক্রমণ রোধে সীমান্তে কড়া নজরদারি এবং দেশব্যাপী সচেতনতা বাড়ানোর কর্মসূচি হাতে নিয়েছিল। খবর ডয়চে ভেলের।
ডব্লিউএইচও ইবোলা মোকাবিলায় দেশটির নেওয়া ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে। তবে জাতিসংঘের সংস্থাটি একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, পাশের ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে আবারও রোগী চলে আসার আশঙ্কা থাকায় সেনেগাল একেবারে ঝুঁকিমুক্ত নয়।
সেনেগালে এবার প্রথম ইবোলা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয় গত আগস্ট মাসে। দক্ষিণের প্রতিবেশী দেশ গিনি থেকে ওই ব্যক্তি সেনেগালের রাজধানী ডাকারে আসেন। তিনি পরে সেরে উঠেছেন। ডব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়, ইবোলা আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা ৭৪ জনকে পরীক্ষা করে দেখা গেছে তারা ওই মারাত্মক ভাইরাসে সংক্রমিত হয়নি।
ডব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়, ‘সেনেগাল এখন ইবোলার প্রাদুর্ভাবমুক্ত। এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে দেশটির প্রচেষ্টা প্রশংসনীয়। বাইরে থেকে আসা ইবোলার সংক্রমণ রোধ করতে কী করতে হয় তার একটা ভালো উদাহরণ সৃষ্টি করল সেনেগাল।’
সেনেগাল ইবোলার সম্ভাব্য রোগী শনাক্ত করতে ৪২ দিন ধরে ব্যাপক মাত্রায় তৎপরতা চালায়। ইবোলার ভাইরাস শরীরে প্রবেশ করার পর থেকে প্রথম রোগের লক্ষণ দেখা দিতে এর অর্ধেক সময় (২১ দিন) পর্যন্ত লাগতে পারে।
ইবোলার সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ায় সেনেগালের প্রশংসার পাশাপাশি ডব্লিউএইচও এতে আত্মতৃপ্তিতে না ভোগার জন্যও সতর্ক করে দিয়েছে। সেনেগালের ভৌগোলিক অবস্থান এর প্রধান কারণ। দেশটির দক্ষিণেই ইবোলায় সবচেয়ে বেশি আক্রান্ত তিন দেশের একটি গিনি। তাই সেনেগালকে কঠোরভাবে তাদের দেওয়া দিকনির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।