ইবোলার নতুন ওষুধ ব্যবহার করবে লাইবেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবোলা ভাইরাস সংক্রমণের চিকিৎসার জন্য তৈরি নতুন ওষুধ জিম্যাপ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে লাইবেরিয়ায়। দেশটির সরকার এ কথা জানিয়েছে। খবর বিবিসি ও এএফপির।
লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সার্লিফের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে ওষুধটি পাঠানো হবে। ইবোলা ভাইরাসে আক্রান্ত মার্কিন দুই স্বাস্থ্যকর্মীর ওপর জিম্যাপ প্রয়োগে উন্নতির লক্ষণ দেখা গেছে।
লাইবেরিয়ার সরকার মানুষের শরীরে এ ওষুধটির প্রভাব সম্পর্কে নিশ্চিত না হলেও তা ব্যবহারে রাজি হয়েছে। কারণ, তাদের হাতে ইবোলা প্রতিরোধে আর কোনো বিকল্প নেই।
এদিকে লাইবেরিয়ায় ইবোলায় আক্রান্ত স্পেনের যাজক গতকাল মঙ্গলবার মারা গেছেন। তাঁকেও জিম্যাপ ওষুধ দেওয়া হয়েছিল।
বিমান চলাচল বন্ধ: ইবোলায় সবচেয়ে বেশি আক্রান্ত তিন দেশ—গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দিয়েছে আইভরি কোস্ট। এর আগে সৌদি আরব এ ধরনের পদক্ষেপ নেয়।