ইবোলায় মৃতের সংখ্যা ৯৩২ লাইবেরিয়ায় জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারাত্মক ইবোলা ভাইরাসের আক্রমণে পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে এ পর্যন্ত ৯৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গিনিতে গত মার্চে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইবোলার প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত অন্যতম দেশ লাইবেরিয়ায় গতকাল বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এএফপির।
প্রাণঘাতী ইবোলা ভাইরাস এখন আফ্রিকা থেকে বিশ্বের অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্পেনের একজন প্রবীণ ক্যাথলিক ধর্মপ্রচারক মারাত্মক অসুস্থ হয়ে চিকিৎসার জন্য আফ্রিকা থেকে দেশে ফিরে গেছেন। তিনি ইবোলায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে একজন রোগীর মৃত্যুর কারণ ইবোলা বলে মনে করছেন চিকিৎসকেরা। নাইজেরিয়ায় একজন নার্স ইবোলা সংক্রমণে মারা গেছেন।
লাইবেরিয়ায় আইনপ্রণেতারা পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারির প্রস্তাব অনুমোদন করেছেন। এতে সরকার বিভিন্ন কঠোর ব্যবস্থা নিতে সক্ষম হবে। লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সার্লিফ গত বুধবার তাঁর দেশে অন্তত ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেন।
ইবোলায় আক্রান্ত ব্যক্তিদের মারাত্মক জ্বর এবং কারও কারও অবিরত রক্তক্ষরণ হয়। শরীর থেকে নিঃসৃত বিভিন্ন তরলের মাধ্যমে ভাইরাসটির সংক্রমণ ঘটে। আক্রান্ত ব্যক্তির পরিচর্যাকারীদের মধ্যে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। লাইবেরিয়ায় ইবোলা রোগীদের পরিচর্যাকারী দুই মার্কিন স্বাস্থ্যকর্মীকে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পরীক্ষামূলক ওষুধ এখনই নয়: ইবোলা সংক্রমণ নিরাময়ের উপায় এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রে তৈরি একটি ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সময় এখনো আসেনি বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি গত বুধবার বলেন, ‘জেডম্যাপ’ নামের ওষুধটি সম্পর্কে পর্যাপ্ত তথ্য তাঁর কাছে নেই। কাজেই এটি এখনই প্রয়োগ করলে ব্যাপারটা খুব তাড়াহুড়ো হয়ে যেতে পারে। মার্কিন দুই স্বাস্থ্যকর্মীর ওপর ওষুধটি প্রয়োগে তাঁদের উন্নতির ধরনে তারতম্য রয়েছে।