ইবোলা নিয়ন্ত্রণে বিশ্বব্যাংকের ২০ কোটি ডলার
পশ্চিম আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা রোগ নিয়ন্ত্রণে ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেবে বিশ্বব্যাংক। গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে বিশ্বব্যাংক এই অর্থ বরাদ্দ দেবে। এসব দেশের স্বাস্থ্যসেবা খুব দুর্বল। লাইবেরিয়ার কয়েকজন চিকিত্সকও ইবোলা রোগে আক্রান্ত হয়েছেন।
গতকাল সোমবার পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৮৮৭ জনে পৌঁছেছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব মতে, মৃতের সংখ্যা আরও বেশি।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ইবোলার সংক্রমণের ব্যাপারটি তিনি নজরদারি করছেন। এ ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে স্বাস্থ্যসেবা কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাংকের। বিশ্বব্যাংক আজ সোমবার জানায়, এসব দেশের হাসপাতালগুলোতে তারা সেবাসামগ্রী দেবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা-কর্মীদের বেতন ও মহামারি রোধে তহবিল বরাদ্দ দেবে।
এএফপির খবরে জানানো হয়, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-আফ্রিকা সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে গেছেন আফ্রিকার দেশগুলোর নেতারা। তাঁদের মধ্যে ৩৫ জন প্রেসিডেন্ট রয়েছেন।