ইবোলা নিয়ে গুরুতর অবহেলা হয়েছে: ডব্লিউএইচও

পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ বিস্তারের বিষয়ে গুরুতর অবহেলা করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ভাইরাসের বিস্তার দমনে ব্যতিক্রমী পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সংস্থার বিশেষজ্ঞরা। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
গত কাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলগুলোতে ইবোলা সংক্রমিত হয়ে অনেক মানুষ মারা গেছে। সময়ের সঙ্গে বাড়ছে সংক্রামণের সংখ্যা। এটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। কিন্তু তার ভয়াবহতার পূর্ণ চিত্র এখনো তুলে ধরা যায়নি।
সংস্থাটির দাবি, ইবোলা ভাইরাস ধরা পরার চার দশকের মধ্যে এবারই সবচেয়ে ব্যাপকভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক হাজার ৬৯ জন মারা গেছে। সিয়েরালিওন, লাইবেরিয়া ও গিনি ইতিমধ্যে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। নাইজেরিয়ায়ও এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ইবোলার এমন বিস্তার আরও কিছু সময় ধরে চলতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।