ইবোলা ভাইরাস এখনো 'নিয়ন্ত্রণের বাইরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রকমের প্রচেষ্টা সত্ত্বেও রোগটি এখনো ‘ধরাছোঁয়ার বাইরে’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক মার্গারেট চ্যান এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।
পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে কয়েক হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে ইবোলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর কিছু অংশে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্বীকার করলেও চ্যান সতর্ক করে দিয়ে বলেছেন, এতে সন্তুষ্ট হওয়ার কারণ নেই। ভাইরাসটি সারা বিশ্বেই ছড়িয়ে পড়ার আশঙ্কা সব সময়ই রয়েছে।
গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলার সংক্রমণ হয়েছে সবচেয়ে বেশি। ওই তিন দেশে ছয় হাজার ৩৩১ জনের মৃত্যু হয়েছে।
বর্ষসেরা ব্যক্তিত্ব ইবোলা যোদ্ধারা:
যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকী ইবোলা-যোদ্ধাদের এ বছরের বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। গতকাল বুধবার ইবোলা আক্রান্ত ব্যক্তিদের সেবায় নিয়োজিতদের ত্যাগ ও মহানুভবতার স্বীকৃতি হিসেবে এবং তাঁদের উৎসাহিত করতে এ সম্মানজনক উপাধি দেওয়া হয়েছে।
টাইম সাময়িকীর সম্পাদক ন্যান্সি গিবস বলেন, ‘ইবোলা হচ্ছে একধরনের যুদ্ধ এবং হুঁশিয়ারি। বিশ্বের স্বাস্থ্যব্যবস্থা এ সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তার পরও বাকি বিশ্ব ঘুমাতে পারে, কারণ একদল নারী-পুরুষ স্বেচ্ছায় এর বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়িয়েছে এবং যুদ্ধ করেছে।’