ইবোলা ভাইরাসে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি

পশ্চিম আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের ব্যাপারে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সুইজারল্যান্ডে বিশেষজ্ঞদের দুই দিনব্যাপী জরুরি বৈঠক শেষে এ ঘোষণা এল।
ডব্লিউএইচওর কর্মকর্তা বলছেন, ইবোলা ভাইরাসের বিস্তার রোধ ঠেকাতে আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।
বিবিসির খবরে বলা হয়েছে, ইবোলার সংক্রমণে এ বছর পশ্চিম আফ্রিকায় ৯৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই ভাইরাসের দ্রুত বিস্তারকে ‘অস্বাভাবিক ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
ইবোলা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গিনি, লাইবেরিয়া, নাইজেরিয়া ও সিয়েরালিওন। এই চার দেশে এক হাজার ৭০০-এর বেশি সংক্রমণের ঘটনা জানা গেছে। দেশগুলোতে স্বাস্থ্যসেবা খুবই দুর্বল। ইবোলা-সংক্রমণ রোধে সম্প্রতি ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে সবার সহায়তা চেয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক ড. মার্গারেট চ্যান। তবে তিনি জানিয়েছেন, দেশগুলোতে ভ্রমণ বা ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রয়োজন নেই।