ইবোলার অপরীক্ষিত ওষুধ নেবে লাইবেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণঘাতী ইবোলা ভাইরাসের অপরীক্ষিত ওষুধ ‘জম্যাপ’ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে লাইবেরিয়া সরকার।

আজ মঙ্গলবারের বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ইবোলা ভাইরাসে আক্রান্ত সে দেশের রোগীদের জন্য দেশটির প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ যুক্তরাষ্ট্রের কাছে এ অনুরোধ জানিয়েছেন।
লাইবেরিয়ার প্রেসিডেন্টের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের এক প্রতিনিধির মাধ্যমে পরীক্ষামূলক এ প্রতিষেধক লাইবেরিয়ায় নেওয়া হবে।
মার্কিন কর্মকর্তারা জানান, ওই ওষুধ তৈরি করা কোম্পানি ম্যাপ বায়োফার্মাসিউটিক্যালসের সঙ্গে লাইবেরিয়ার সরকারকে যোগাযোগ করতে বলা হয়েছে।
ওই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা বিনা মূল্যে পশ্চিম আফ্রিকায় এ প্রতিষেধক পাঠাবে। এ জন্য কোনো পর্যায়েই তাদের কোনো খরচ দিতে হবে না।
জম্যাপ নামের ওই ওষুধ যুক্তরাষ্ট্রে দুজন সাহায্যকর্মীর ওপর প্রয়োগ করা হয়েছে। স্পেনের মাদ্রিদে লাইবেরিয়া থেকে ইবোলা সংক্রমিত আরেক পাদ্রিকে প্রয়োগ করা হয়েছে। তাঁদের অবস্থার উন্নতি হচ্ছে।
এ ওষুধটি বানরের ওপর পরীক্ষা করা হয়েছে। এটি মানুষের জন্য নিরাপদ কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
অপরীক্ষিত এমন প্রতিষেধক ব্যবহারে ঝুঁকিও কম নয়। এমন বিতর্কিত ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ নাইজেরিয়া। ১৯৯৬ সালে নাইজেরিয়ায় মেনিনজাইটিস ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠান ‘ফাইজার’ পরীক্ষামূলকভাবে একটি প্রতিষেধক প্রয়োগ করে। এতে ১২ হাজারের বেশি লোক মারা যায়।
একই কোম্পানির ট্রোভান নামের একটি মুখে খাওয়ার জীবাণুনাশক ওষুধ পরীক্ষামূলকভাবে নাইজেরিয়ার কানো প্রদেশে ১০০ জন শিশুকে খাওয়ানো হয়। এতে ১১ শিশু মারা যায়। অনেকে পঙ্গু হয়ে যায়। কারও কারও মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়।
অপরীক্ষিত ওষুধ ব্যবহারে চিকিত্সার নৈতিকতা নিয়ে আলোচনা করতে বিশেষজ্ঞরা সুইজারল্যান্ডের জেনেভায় মিলিত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ বৈঠকের আয়োজন করে। স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে ইতিমধ্যে এক হাজার ২৩ জন মারা গেছে।