ইবোলার ভয়াবহতায় লাইবেরিয়ায় জরুরি অবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়ায় ইবোলা ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় দেশটিতে ৯০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ।

গতকাল বুধবার সারলিফ এ ঘোষণা দেন। ঘোষণাটি লিখিত আকারে আজ বৃহস্পতিবার পার্লামেন্টে উপস্থাপন করা হবে।

আজ এএফপির প্রতিবেদনে জানানো হয়, সারলিফ তাঁর দেওয়া ভাষণে এই ভাইরাসের বর্তমান ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা দেন। তিনি বলেন, রাষ্ট্রকে বাঁচাতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।

এরই মধ্যে লাইবেরিয়ায় ইবোলা ভাইরাসে ৩০০ জন আক্রান্ত হয়েছে। চলতি বছরের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার বনাঞ্চল থেকে এ ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অর্ধেকই মারা গেছে।

সতর্কতা জারি করে সারলিফ জানান, এই ঝুঁকি আরও বাড়ছে। অজ্ঞতা ও দারিদ্র্যের কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

প্রেসিডেন্ট তাঁর জরুরি ভাষণে জানান, ভাইরাসটি বর্তমানে যে ভয়াবহ আকার ধারণ করেছে, তা নিয়ন্ত্রণ করা সরকারের কোনো সংস্থা বা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণের বাইরে।

লাইবেরিয়ার এ নেতা ইবোলার ভয়াবহতা কমাতে প্রার্থনাসহ ধর্মীয় আচার পালনের আহ্বান জানিয়েছেন।

গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাবে দেখা যায়, চলতি বছরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিম আফ্রিকায় ৯৩২ জন মারা গেছে। এ ছাড়া এক হাজার ৭১১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের বেশির ভাগই গিনিয়া, লাইবেরিয়া ও সিয়েরালিওনের নাগরিক।
বর্তমানে এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল রাষ্ট্র নাইজেরিয়ায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি পশ্চিম আফ্রিকায় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা রোগ নিয়ন্ত্রণে ২০ কোটি ডলার বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। গিনি, লাইবেরিয়া ও সিয়েরালিওনে বিশ্বব্যাংক এই অর্থ বরাদ্দ দেবে।