
ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের শিবিরগুলোতে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো বোমা ফেলেছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের যুদ্ধবিমানগুলো। এতে অন্তত ৩৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিমান হামলার নিন্দা জানিয়ে শিয়াপ্রধান ইরান বলেছে, অবিলম্বে এ নিয়ে সংলাপে বসতে হবে। খবর এএফপি ও রয়টার্সের।
ইয়েমেনের উত্তরাঞ্চলভিত্তিক শিয়া হুতি মিলিশিয়াদের মাসব্যাপী বিদ্রোহ এখন একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। এ সংঘাত মধ্যপ্রাচ্যের দারিদ্র্যপীড়িত দেশটির দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিও তৈরি করেছে।
হুতিদের আক্রমণের মুখে কোণঠাসা প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির সরকারকে রক্ষায় গত বৃহস্পতিবার থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে আরব জোট। এতে সৌদি আরবের ১০০টিসহ প্রায় ১৮৫টি যুদ্ধবিমান অংশ নিচ্ছে। বৃহস্পতিবারের মতো গতকালও রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করে যুদ্ধবিমানগুলো।
গত ২৪ ঘণ্টায় বিমান হামলায় অন্তত ৩৯ জন বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সানার উত্তরে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলা আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আঘাত করলে নিহত হয় ১২ জন। আল-সামা নামের ঘাঁটিটির সেনা সদস্যরা তাঁদের সাবেক কমান্ডার আহমেদ আলি সালেহর অনুগত বলে ধারণা করা হয়ে থাকে। তিনি সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর ছেলে।
পররাষ্ট্রমন্ত্রীর আশা: কয়েক দিনেই আরব জোটের বিমান হামলা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ ইয়াসিন। সৌদি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে তিনি গতকাল বলেন, হুতিদের দুর্বল করতে এই বিমান হামলার দরকার ছিল। তবে তা কয়েক দিনের মধ্যেই শেষ হবে বলে তিনি মনে করেন।
সংলাপের আহ্বান: হুতিদের বিরুদ্ধে বিমান হামলা বন্ধ করা এবং সব পক্ষকে রাজনৈতিক সমাধানের জন্য সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি গতকাল বলেন, ‘আমরা বিমান হামলার নিন্দা জানিয়েছি। সবাইকে সংলাপ ও জাতীয় সমঝোতার জন্য উৎসাহিত করতে হবে।’