প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমালিয়ায় প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদকে অভিশংসনের উদ্যোগ গত শুক্রবার প্রত্যাহার করে নিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ শেখ ওসমান জাওয়ারি। ওই উদ্যোগকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা ছিল। সোমালিয়া দীর্ঘ দুই দশকের বিশৃঙ্খলা ও যুদ্ধের প্রভাব কাটিয়ে ওঠার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। দেশটির আইনপ্রণেতারা গত মাসে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগের লক্ষ্যে নথিপত্র জমা দেন। প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ‘দেশের প্রতি প্রতারণা’ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক দূতেরা দ্রুত ওই সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন। এএফপি