এ যেন বাংলা সিনেমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মের সময় মা সেলেস্তের কোলে জেফানি। ফাইল ছবি। সৌজন্যে: সিএনএন
জন্মের সময় মা সেলেস্তের কোলে জেফানি। ফাইল ছবি। সৌজন্যে: সিএনএন

জন্মের তিন দিন পর হারিয়ে যায় মেয়েটি। তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার পরও মা–বাবার বিশ্বাস ছিল, একদিন তাঁরা তাঁদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাবেন, আদরভরে বুকে টেনে নেবেন। এভাবে একে একে কেটে যায় ১৭টি বছর। একদিন অপেক্ষার শেষ হয়। মেয়েটির সন্ধান পান মা–বাবা। শুনে মনে হতে পারে বাংলা সিনেমার কোনো গল্প। কিন্তু না, সত্যিই এমনটা ঘটেছে দক্ষিণ আফ্রিকায়। আজ বৃহস্পতিবার সিবিএসের খবরে এমনটাই বলা হয়েছে।

খবরে বলা হয়, ১৭ বছর আগে মরনাই ও সেলেস্ত দম্পতির তিন দিন বয়সী শিশুকন্যা হাসপাতাল থেকেই চুরি হয়ে যায়। এ ছাড়া ওই দম্পতির আরও তিন সন্তান রয়েছে। তার পরও তাঁরা ঘটা করে প্রতিবছর সেই হারিয়ে যাওয়া সন্তানের জন্মদিন পালন করতেন। কিন্তু সম্প্রতি ঘটল সেই ঘটনা। ছোট মেয়ে কাসিদি স্কুল থেকে ফিরে তার মাকে জানাল, স্কুলে জেফানি নামে দেখতে ঠিক তার মতো আরও একটি মেয়ে পড়ে। ওই মেয়ের একটি ছবিও জোগাড় করে ফেলেন মরনাই। এই ছবি দেখে আঁতকে ওঠেন সেলেস্ত। ছবি দেখেই বুকের ভেতর কেমন একটা প্রশান্তি অনুভব করেন তিনি। বলতে থাকেন, ‘এই আমার হারিয়ে যাওয়া মেয়ে, এই আমার হারিয়ে যাওয়া মেয়ে।’

এ ঘটনা জানাজানি হয়ে গেলে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ সেলেস্ত ও ওই মেয়ের ডিএনএ পরীক্ষার জন্য সময় নেয়। একদিন হঠাৎ করেই সেলেস্তের ফোনে ফোন বেজে ওঠে। ফোনে পুলিশ জানায়, ‘জেফানি নামের ওই মেয়েটির সত্যিকারের মা আপনি।’

‘সন্তান হারানো যে কতটা হৃদয়বিদারক তা বলে বোঝাতে পারব না। এ ঘটনা শোনার পর আমি বিশ্বাসই করতে পারিনি যে, এই কথা কেউ ফোনে আমাকে বলছে। আমি কিছুতেই কান্না থামাতে পারছিলাম না।’ এভাবেই সেদিনের কথা বলছিলেন মা সেলেস্ত। তিনি আরও বলেন, ‘যেদিন প্রথম তাকে দেখলাম, সেদিনও কান্না থামাতে পারছিলাম না। শুধু বলছিলাম, গত ১৭টি বছর ধরে আমি তোমাকে খুঁজেছি। আজ শেষমেশ পেয়ে গেলাম। তুমি আমার, তুমি আমার মেয়ে।’

জেফানিকে চুরি করে যিনি নিজের মেয়ে বলে প্রতিপালন করছিলেন, সেদিন তাঁকে দেখে কোনো রকম রাগ হয়নি সেলেস্তের। বরং তিনি ওই মহিলাকে আবেগে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু শিশু চুরির অভিযোগে ওই মহিলাকে কাল শুক্রবার আদালতে পাঠাবে পুলিশ।