লিবিয়ার দুই অংশে এখন দুটি সরকার বহাল রয়েছে। ক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য তারা লড়াইয়ে লিপ্ত। ফলে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটির উত্তরণের যে সম্ভাবনা দেখা দিয়েছিল, গত এক বছরের রক্তাক্ত সংঘাতে তা নাজুক হয়ে গেছে।
নিউইয়র্কভিত্তিক গোয়েন্দা পরামর্শক প্রতিষ্ঠান সুফান গ্রুপের বিশ্লেষক প্যাট্রিক স্কিনার বলেন, ২০১১ সালে গাদ্দাফি সরকারের পতন-পরবর্তী যেকোনো সময়ের চেয়ে লিবিয়ার বর্তমান পরিস্থিতি বেশি বিপজ্জনক।
উত্তর আফ্রিকার তেলসমৃদ্ধ দেশটির পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় আন্তর্জাতিক সমর্থনপুষ্ট একটি সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। রাজধানী ত্রিপোলি থেকে ২০১৪ সালের জুলাইয়ে তাদের হটিয়ে দিয়ে মিসরাতার ইসলামপন্থী ও জঙ্গিদের একটি জোট দেশটির ক্ষমতা দখল করে। তারা ত্রিপোলিতে গত সেপ্টেম্বরে ফজর লিবিয়া নামের একটি জোট সরকার গঠন করে। পশ্চিমাঞ্চলের বেশির ভাগ শহর এখন ফজর লিবিয়া সরকারের নিয়ন্ত্রণে। এখন পূর্ব ও পশ্চিম—দুই অঞ্চলের জন্য রয়েছে দুটি পার্লামেন্ট।
লিবিয়া বডি কাউন্ট নামের একটি স্বতন্ত্র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লিবিয়ায় গত এক বছরে লড়াই, বিমান হামলা ও বিভিন্ন আক্রমণে অন্তত ৩ হাজার ৭০০ লোক প্রাণ হারিয়েছেন। অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে বেনগাজি শহরে, যা ছিল ২০১১ সালের গাদ্দাফিবিরোধী গণবিক্ষোভের কেন্দ্র।
মধ্যপ্রাচ৵ বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক গোয়েন্দা পরামর্শক প্রতিষ্ঠান স্ট্র্যাটফোরের জ্যেষ্ঠ গবেষক মাইকেল নায়েবি-ওসকুই বলেন, লিবিয়ায় অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আর এই ক্ষতির কারণে কট্টরপন্থার মতো বড় সমস্যা তৈরি হয়েছে।
উত্তর আফ্রিকাজুড়ে সক্রিয় কট্টর ইসলামপন্থীদের জন্য লিবিয়া একটি আকর্ষণীয় ক্ষেত্র। তারা দেশটির অরাজকতার সুযোগ নিচ্ছে। যেমন সুন্নিপন্থী জঙ্গি সংগঠন আইএস লিবিয়ার উত্তরাঞ্চলীয় শহর সির্তে নিয়ন্ত্রণ করছে। চরমপন্থার উত্থানে বেশ কয়েকজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী আটক বা প্রাণহানির আশঙ্কায় পালিয়ে গেছেন। স্কিনার আরও বলেন, ফজর লিবিয়ার উত্থানের এক বছর পরও লিবিয়ায় বিভক্তি রয়ে গেছে। দুই সরকারের পাশাপাশি উপজাতীয় সংগঠনগুলোর মধ্যেও বিভাজন তৈরি হয়েছে। পরিণামে, সন্ত্রাসী সংগঠনগুলো সম্প্রসারিত হচ্ছে এবং আশপাশের দেশগুলোতে তাদের প্রভাব বাড়ছে।
দুই সরকারের কোনোটিই লিবিয়ায় একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে পারেনি। তবে তারা শান্তির জন্য জাতীয় ঐক্যের একটি সরকার গঠনের জন্য জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় অংশ নিচ্ছে। যদিও এ উদ্যোগের সাফল্যের সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা সন্দিহান। নায়েবি-ওসকুই বলেন, মিলিশিয়া এবং উপজাতীয় সংগঠনগুলোর কাছে যত দিন কেন্দ্রীয় সরকারের (সম্ভাব্য) চেয়ে বেশি ক্ষমতা থাকবে, তত দিন লিবিয়ায় দুটি সরকারই টিকে থাকবে।