একসঙ্গে ৮৪ কোটি টাকা দেখবেন বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি আলিকো দাংগোতে। ছবি: রয়টার্স
আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি আলিকো দাংগোতে। ছবি: রয়টার্স

আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ কোটি ডলার (প্রায় ৮৪ কোটি টাকা) তোলা তাই আলিকো দাংগোতের পক্ষে অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি বলা হয়—কোনো দরকারে নয়, স্রেফ চাক্ষুষ করার জন্য বিশাল অঙ্কের এই অর্থ ব্যাংক থেকে তুলেছিলেন তিনি! সে ক্ষেত্রে অবাক হওয়া কিন্তু আশ্চর্যের নয়।

বিস্ময়কর হলেও সত্যি, ঠিক এই কাজটিই করেছিলেন আলিকো। কেবল কাগজের ওপর ছাপা কিছু সংখ্যা নয়, বরং অর্থের যে আসলেই অস্তিত্ব আছে, সেটি অনুভব করার জন্যই এমন কাজ করেছিলেন তিনি!

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠিত মো ইব্রাহিম ফোরামের এক সভায় নিজেই এই তথ্য দিয়েছেন নাইজেরিয়ার বিলিয়নিয়ার আলিকো। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “তরুণ বয়সে প্রথমবার মিলিয়নিয়ার হওয়ার অনুভূতিটা গুরুত্বপূর্ণ। এরপরে আসলে সংখ্যাটা আর তেমন কোনো প্রভাব ফেলে না। একদিন আমি ব্যাংক থেকে ১ কোটি ডলার তুললাম। এরপর গাড়িতে করে ডলারগুলো বাড়িতে নিয়ে গেলাম। আমি ডলারগুলো দেখলাম এবং ভাবলাম, ‘এবার আমি সত্যিই বিশ্বাস করি, আমার অর্থ আছে।’ এর পরদিন গিয়ে আবার ডলারগুলো ব্যাংকে রেখে এসেছিলাম।”

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা থেকে তরুণ উদ্যোক্তাদের পরামর্শও দিয়েছেন আলিকো। প্রথমবার ব্যবসায় সাফল্য পেয়েই আত্মতুষ্টিতে না ভোগার ব্যাপারে তরুণদের সতর্ক করে দিয়েছেন তিনি। আলিকো বলেন, ‘আফ্রিকায় একটা জিনিস প্রায়ই ঘটে। আমরা যা উপার্জন করব বলে ধারণা করি, তার বেশির ভাগটাই খরচ করে ফেলি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্যবসায় উত্থান ও পতন—দুটোই আছে।’