এডেন দখলের দ্বারপ্রান্তে হুতিরা প্রেসিডেন্ট হাদি 'নিরাপদ স্থানে'
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেন দখলের দ্বারপ্রান্তে রয়েছে দেশটির ক্ষমতা দখলকারী শিয়া হুতি মিলিশিয়ারা। তাদের গৃহবন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর এডেনেই ঘাঁটি গেড়েছিলেন প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি। উদ্ভূত পরিস্থিতিতে তিনি ‘নিরাপদ স্থানে’ চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। খবর এএফপি ও রয়টার্সের।
সেনাবাহিনীর কিছু ইউনিটের সহায়তায় হুতি বিদ্রোহীরা গতকাল বুধবার এডেনের কাছাকাছি পৌঁছে যায়। প্রেসিডেন্ট হাদির সেখানকার বাসভবনে বিমান হামলাও চালানো হয়েছে।
একজন সেনা কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট হাদির সরকারের বিরোধী হুতি মিলিশিয়ারা এডেন শহরের কাছের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি গতকাল দখল করে নিয়েছে। তিনি বলেন, ‘সামান্য সংঘর্ষের’ পরই হুতি মিলিশিয়া ও তাদের সহযোগীরা আল-আনাদ নামের ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
ওই সেনা কর্মকর্তা জানান, আল-আনাদ ঘাঁটি দখলের পর হাদিবিরোধী বাহিনী দক্ষিণে অগ্রসর হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা স্থানীয় লাহজ প্রদেশের রাজধানী হুতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ছিল। হুতা থেকে এডেনের দূরত্ব ৪০ কিলোমিটারের মতো।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অজ্ঞাত কয়েকটি যুদ্ধবিমান থেকে গতকাল এডেনে প্রেসিডেন্ট হাদির বাসভবন লক্ষ্য করে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় নিচ থেকে যুদ্ধবিমানগুলো লক্ষ্য করে হাদির অনুগত বাহিনীও বিমানবিধ্বংসী কামান ছোড়ে।
হুতি মিলিশিয়াদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট হাদি হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন বলে গতকাল খবর বেরোয়। তবে পরে তাঁর একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, হাদি এডেনেই রয়েছেন। তবে তিনি বাসভবন ছেড়ে এখন ‘নিরাপদ স্থানে’ রয়েছেন।
হাদির আহ্বান: এর আগে জানা যায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট হাদি মঙ্গলবার ইয়েমেনের জনগণকে রক্ষায় ‘ইচ্ছুক দেশগুলোর’ সামরিক পদক্ষেপে সমর্থন দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
সৌদি তৎপরতা: সৌদি আরব কামানসহ ভারী সামরিক সরঞ্জাম ইয়েমেন সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে বলে মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার খবর দিয়েছেন।
ওবামা প্রশাসনের দুটি সূত্র জানায়, সৌদি আরব যে পরিমাণে সামরিক সরঞ্জাম ওই এলাকায় নিয়ে যাচ্ছে, তা ‘উল্লেখযোগ্য’। শিয়া গোষ্ঠীর হুতিরা এডেনে আক্রমণ করলে সুন্নিপ্রধান সৌদি কর্তৃপক্ষ হাদিকে রক্ষায় ইয়েমেনে বিমান হামলা চালাতে পারে।