ওবামার জন্য কেনিয়ায় কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা। ফাইল ছবি
বারাক ওবামা। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শুক্রবার রাতে তাঁর বাবার বাড়ি কেনিয়ায় পৌঁছাবেন। আল কায়েদার সঙ্গে যুক্ত সোমালি জঙ্গিদের সম্ভাব্য হামলা থেকে ওবামাকে রক্ষা করতে কেনিয়ার সরকার রাজধানী নাইরোবিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, বাবার জন্মভূমি কেনিয়ায় ওবামার এ সফরকে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওবামাই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় ইথিওপিয়া ও এইউর সদর দপ্তর পরিদর্শন করবেন। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি ওই অঞ্চলের নিরাপত্তার ওপর জোর দিচ্ছেন। আফ্রিকার বাণিজ্য, গণতন্ত্র, দারিদ্র্য ও মানবাধিকার নিয়েও তিনি ভাষণ দেবেন বলে আশা করা যাচ্ছে।
ওবামার সফর উপলক্ষে কেনিয়ার রাজধানী নাইরোবির অনেক এলাকায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমান চলাচলও সীমিত করা হয়েছে। নাইরোবিতে কমপক্ষে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেনিয়া জুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। রাস্তাঘাট ধুয়ে ঝকঝকে করা হয়েছে। সাজানো হচ্ছে কেনিয়াকে। মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরে উল্লসিত কেনিয়ার জনগণ।

গত বুধবার ওয়াশিংটনে ওবামা বলেন, আফ্রিকার অনেক সমস্যা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আফ্রিকায় উন্নয়নের দারুণ সম্ভাবনা রয়েছে। বিশ্বে আফ্রিকার বাজার দ্রুত ছড়িয়ে পড়ছে। এখানকার জনগণ অসাধারণ। আফ্রিকাকে নিয়ে প্রথাগত চিন্তা থেকে বের হয়ে আসার আহ্বান জানান ওবামা।

ওবামার এই সফরে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাও উল্লসিত। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ওবামার সফরকে স্মরণীয় করে রাখতে কেনিয়ায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।