
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার তাঁর দুই দিনের ‘ঐতিহাসিক’ কেনিয়া সফর শেষ করেছেন। সফরের শেষ পর্যায়ে রাজধানী নাইরোবিতে এক সমাবেশে ওবামা দেশটির উন্নয়নের প্রশংসা করার পাশাপাশি এর সামনে থাকা নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের এটাই ছিল প্রথম কেনিয়া সফর। খবর বিবিসির।
বারাক ওবামা সমাবেশের ওই ভাষণে বলেন, তাঁর জীবদ্দশাতেই কেনিয়া রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। তবে তিনি দেশটির দুর্নীতি, সন্ত্রাস ও জাতিগত বিভক্তির বিষয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন।
কেনিয়া ওবামার বাবার আদি নিবাস। এ কারণে তাঁর এই সফর নিয়ে সৃষ্টি হয় ব্যাপক উচ্ছ্বাস। প্রেসিডেন্ট হিসেবে ওবামা এই প্রথম পিতৃভূমি কেনিয়ায় এসেছিলেন।
স্টেডিয়াম-ভর্তি উচ্ছ্বসিত দর্শকদের উদ্দেশে ওবামা বলেন, ‘কেনিয়ার এখনকার তরুণ প্রজন্মকে আমার পিতা-পিতামহের সময়ের মতো ঔপনিবেশিক শক্তির সেবা করতে বা দেশত্যাগ করতে হবে না।...কেনিয়ায় যে উন্নতি ঘটেছে, যে সম্ভাবনা আছে, একে পুঁজি করেই দেশটির ভবিষ্যৎ গড়ে উঠতে পারে।’ তবে কেনিয়ার উন্নতির এই প্রশস্তির পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেও জাতিগত সংঘাত ও বিভক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।...দুর্নীতির ক্যানসারের কারণে কেনিয়ার যে ক্ষতি হয়, তাতে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান হতে পারে।
কেনিয়া সফর শেষে ওবামা গত রাতে দুদিনের সফরে ইথিওপিয়া পৌঁছান। আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশটিতে কোনো মার্কিন নেতার এটাই প্রথম সফর। আফ্রিকার ৫৪টি দেশের জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলনে কাল মঙ্গলবার ভাষণ দেবেন ওবামা। সফরে তিনি দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ নিয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
ওবামার কৌতুক: শনিবার ওবামা কৌতুক করে বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রে আমার সমালোচনাকারীরা কেউ কেউ সন্দেহ করছে, জন্মসনদ নেওয়ার জন্যই আমি কেনিয়ায় এসেছি।’ প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় ভাষণ দেওয়ার সময় ওবামা এ কথা বলেন। ওবামার জন্ম কেনিয়ায়, তাই তিনি মার্কিন আইন অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন—২০০৮ সালের নির্বাচনের আগে বিরুদ্ধবাদীরা এমন অভিযোগ তুলেছিলেন। ২০১১ সালে অবশ্য ওবামা তাঁর জন্মসনদ প্রকাশ করে ওই অভিযোগের জবাব দেন।