অমিক্রন শনাক্ত: নিষেধাজ্ঞায় চটেছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
ছবি: রয়টার্স

ওমিক্রন নামে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ও প্রতিবেশী দেশগুলোর ওপর একের পর এক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিবিসির সোমবারের এক অনলাইন প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

সিরিল রামাফোসা বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে বলেন, তিনি এমন পদক্ষেপে মারাত্মক হতাশ। এ ছাড়া এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে অন্যায্য হিসেবে আখ্যায়িত করে তিনি দ্রুত সংশ্লিষ্ট দেশগুলোকে দক্ষিণ আফ্রিকার ওপর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভ্রমণ নিষেধাজ্ঞা যারা আরোপ করেছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রয়েছে।

ওমিক্রনকে করোনার উদ্বেগজনক ধরন শ্রেণিতে ফেলা হয়েছে। প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, এতে পুনরায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

রোববার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অন্যায়ভাবে বৈষম্যের শিকার হয়েছে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলো। তিনি আরও যুক্তি দেখিয়েছেন, করোনার নতুন এ ধরনটির বিস্তার রোধে এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

সিরিল রামাফোসা বলেন, ভ্রমণে দেওয়া এ নিষেধাজ্ঞা ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করবে এবং এতে করে করোনা মহামারি প্রতিরোধে ও মহামারি এ ভাইরাসের প্রকোপ কাটিয়ে উঠে স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার সক্ষমতা হ্রাস করবে।

দক্ষিণ আফ্রিকার অর্থনীতিতে আরও কোনো ক্ষতি হওয়ার আগে অবিলম্বে এমন সিদ্ধান্ত প্রত্যাহারে নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
টিকাবৈষম্যের মধ্যে ওমিক্রন নামে নতুন এ ধরনের উৎপত্তিকে বিশ্বের জন্য জেগে ওঠার আহ্বান অভিহিত করেন সিরিল রামাফোসা। তিনি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, যত দিন পর্যন্ত বিশ্বের প্রতিটি মানুষ টিকা পাবেন না, তত দিন করোনার আরও নতুন নতুন ধরনের উৎপত্তি অনিবার্য।

এর আগে গত শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভ্রমণ নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে বলে, ওমিক্রন নামে করোনার উদ্বেগজনক নতুন ধরনটি আবিষ্কার করার জন্য দক্ষিণ আফ্রিকাকে সাধুবাদ দেওয়ার পরিবর্তে তাদের শাস্তি দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইসরায়েল, বতসোয়ানা ও হংকংয়ে ওমিক্রন শনাক্ত হয়েছে।