কঙ্গোয় তেলের ট্যাংকার ও গাড়ির সংঘর্ষে নিহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানি তেলের ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানি তেলের ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে জ্বালানি তেলের ট্যাংকারের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত শতাধিক। গতকাল শনিবার রাজধানী কিনশাসার ও বন্দর শহর মাতাদির মধ্যবর্তী কিসানতু শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, হতাহত ব্যক্তিরা সবাই দগ্ধ হয়েছে।

কঙ্গো সেন্ট্রাল রিজিওনের গভর্নর অতৌ মাতুবুয়ানা জানান, শতাধিক মানুষ গুরুতর দগ্ধ।

কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের রেডিও স্টেশন ওকাপাইয়ের এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষের পর আগুন দ্রুত আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।

নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে। কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, ৫৩টি পোড়া দেহ দেখেছেন তাঁরা।

দগ্ধ ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানান, রোগীদের ভিড়ে হুড়োহুড়ি পড়ে গেছে। সবাইকেই চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বছরের পর বছর ধরে চলা যুদ্ধের কারণে মধ্য আফ্রিকার দেশটির রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপ। দেশটিতে প্রায়ই তেলবাহী গাড়ি দুর্ঘটনা ঘটে । ২০১০ সালে এ ধরনের একটি তেলবাহী ট্যাংকার উল্টে যাওয়ার পর বিস্ফোরণ ঘটলে অন্তত ২৩০ জন নিহত হয়। সে সময় বিশ্বকাপ ফুটবল চলছিল। ওই দুর্ঘটনাস্থলের কাছে থাকা ঘরবাড়ি ও সিনেমা হলগুলোয় খেলা দেখার জন্য অনেক লোক ভিড় করেছিল। তেল ট্যাংকারের বিস্ফোরণে লাগা আগুনে তাদের অনেকে দগ্ধ হয়ে মারা যায়।