করোনা কেলেঙ্কারিতে কাঁপছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আসন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাবিষয়ক দুর্নীতির কেলেঙ্কারিতে কাঁপছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আসন। ব্যাপক দুর্নীতির অভিযোগে দেশে প্রেসিডেন্টের সিরিল রামফোসার বিশ্বাসযোগ্যতা এবং বিদেশে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। অথচ দেশে দুর্নীতি কমিয়ে স্বচ্ছতা বাড়াতে অভূতপূর্ব প্রচেষ্টাকে উত্সাহ দিয়ে ক্ষমতায় এসেছিল তাঁর সরকার।

মার্চ মাস থেকে দক্ষিণ আফ্রিকায় কঠোর লকডাউন শুরু হয়। দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। স্কুল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় থেকে আয় বন্ধ হয়ে লোকজন ও পরিবারকে খাদ্যসহায়তার নামে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে হইচই শুরু হয়। স্থানীয় সরকারের কর্মকর্তারা গরিব পরিবারের জন্য দেওয়া অনুদান ও খাদ্য বিক্রি করে দেয়। কয়েকটি হাসপাতাল থেকে অভিযোগ জানানো হয়, সরকারিভাবে কেনা মাস্ক, গাউন, পিপিই স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছায়নি। এরপরই আরও বড় দুর্নীতির খবর চাউর হয়। মোট ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারের ত্রাণ প্যাকেজ গায়েব হয়ে যায়। নতুন করে বেকার হয়ে পড়া দক্ষিণ আফ্রিকার নাগরিকদের যে অর্থ সাহায্য দেওয়ার কথা ছিল তাঁরা তা পাননি। কেন পাননি তাঁরা কেউ জানেন না। শুধু জানতে পারেন তাঁদের প্রতিশ্রুতি দেওয়া অর্থ উপলব্ধ নয়।

অর্থনৈতিক বিশ্লেষক থাবি লিওকা বলেন, দেশটিতে অতীতে চুরি করা অর্থের চেয়ে করোনা মহামারির সময় ঘটা দুর্নীতি আরও বাস্তবিক। যখন ক্ষুধার্ত পরিবারগুলো খাদ্য সাহায্যের জন্য অপেক্ষা করেছে, তখন কঠোর বাস্তবতা সামনে এসেছে।

দুর্নীতির কেলেঙ্কারি গত মাস থেকেই রাজনৈতিক শৃঙ্খলে ব্যাপকভাবে আলোচনায় আসে, যখন রাষ্ট্রপতির মুখপাত্র খুসেলা ডিকোর স্বামী প্রতিরক্ষামূলক গিয়ারের জন্য কয়েক মিলিয়ন ডলারের চুক্তির অভিযোগে অভিযুক্ত হন। আরও তদন্তে বেরিয়ে আসে করোনোভাইরাসের জন্য প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি কেনার যেসব টেন্ডারে আরও রথী–মহারথী যুক্ত রয়েছেন। এর মধ্যে রয়েছেন ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সাধারণ সম্পাদক এইস মাগাশুলে ও শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা বান্দিলে মাসুকুর নাম।

রামফোসা যেসব ব্যক্তি এবং সংস্থাগুলো ‘আহত শিকার চক্র ঘিরে হায়েনা দলের’ মতো আচরণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।


দক্ষিণ আফ্রিকাভিত্তিক করাপশন ওয়াচের তদন্ত দলের প্রধান কারাম সিং বলেন, এ ধরনের পরিস্থিতিতে যখন দুর্নীতির বিষয়টি উঠে আসে, তখন তা আস্থা ও সামাজিক প্রভাবের বিষয়টি উঠে আসে। এখন সত্যিকারের পুনর্গঠনের আদর্শ সময়।

দক্ষিণ আফ্রিকায় দুর্নীতির বিষয়টি একেবারে নতুন নয়। ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে জ্যাকব জুমার বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় আসে এএনসি। জ্যাকব জুমার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্র দখলে রাখার অভিযোগ আনা হয়েছিল।

দুর্নীতিবিরোধী পদক্ষেপের কথা বলে ২০১৯ সালে ক্ষমতায় আসেন রামাফোসা। তবে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমনে ধীরে চলো নীতি নেওয়ার অভিযোগ রয়েছে।

কারাম সিং বার্তা সংস্থা এএফপিকে বলেন, যখন সরকারি কোনো ব্যাপক কেনাকাটার বিষয় আসে তখন দুর্নীতির ব্যাপক ঝুঁকি তৈরি হয়। এটা পদ্ধতিগত দুর্বলতা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঘটে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন, রামাফোসার বাড়তি পরীক্ষা–নিরীক্ষার প্রয়োজন ছিল, যাতে মহামারির সময় কোনো ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে। এর আগে রামাফোসা কোভিডের সময় দুর্নীতির বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রাখার কথা বললেও তাঁর প্রতিশ্রুতি অন্তঃসারশূন্য প্রমাণ হয়েছে। করোনাভাইরাস নেতৃত্বের কঠোর পরীক্ষা নিয়েছে।

ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স পার্টির নেতা জন স্টিনহুইসেন এ মাসের শুরুতে সমালোচনা করে বলেন, ‘দক্ষিণ আফ্রিকানরা অসাড় অঙ্গভঙ্গিতে ক্লান্ত। আমরা দর্শক এক প্রেসিডেন্ট পেয়েছি।’


দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশে করোনার সংক্রমণ ইতিমধ্যে শীর্ষে পৌঁছেছে। আর তাই তিনি লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন। সোমবার থেকেই ধীরে ধীরে অর্থনীতির ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে দেশটি।
শনিবার একটি টেলিভিশনে দেওয়া এক ভাষণে সিরিল রামাফোসা বলেন, এভাবে লকডাউন শিথিল করার ফলে দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি আবার চাঙা হয়ে উঠবে। তবে লকডাউন শিথিল করলেও দেশবাসী যাতে কোভিড-১৯ ঠেকাতে তাদের সুরক্ষাব্যবস্থা শিথিল না করে ফেলে, সেদিকেও দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।