নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সহিংসতার আশংকা ছিলই। গতকাল শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে জঙ্গি ইসলামী সংগঠন বোকো হারামের দুই দফা হামলা সেই আশংকাকেই সত্যি প্রমাণিত করল। এই হামলা, ভোট গ্রহণ যন্ত্রের ত্রুটি, কোথাও কোথাও ভোট গ্রহণে বিলম্বের মধ্য দিয়ে দেশটির স্বাধীনতার পর থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল। বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মোহম্মাদু বুহারির মধ্যে জোর লড়াই হওয়ার কথা এতে। খবর বিবিসি ও রয়টার্সের।
নাইজেরিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো নির্ধারিত সময়ের ছয় মাস পর। এই বিলম্বের কারণ হিসেবে বোকো হারামের তৎপরতা বন্ধে সেনাবাহিনী মোতায়েনের কথা বলেছিল সরকার। তবে বোকো হারামের হামলা এড়ানো যায়নি। ইওবি প্রদেশের নাগালদা এবং গোম্বি প্রদেশের ওরু গ্রামে হামলা চালায় বোকো হারামের জঙ্গিরা। এতে ছয় জন নিহত হয়।
প্রেসিডেন্টের প্রতিশ্রুতিমতো অবশ্য ভোটগ্রহণের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন ছিল। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ এনুগোতে একটি ভোটকেন্দ্রে একটি বোমা উদ্ধার করা হয়। রাজধানী আবুজায় ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।
কিছু এলাকায় ভোট গ্রহণ কিছুটা দেরিতে শুরু হয় বলে বার্তা সংস্থা এএফপিকে জানান নাইজেরীয় নির্বাচন কমিশনের মুখপাত্র কেয়োদি আইদউ। ভোট দেওয়ার আগে সবাইকে তাঁদের বায়োমেট্রিক কার্ড ব্যবহার করে নিবন্ধন করতে হয়। কয়েকটি কেন্দ্রে যন্ত্রে এই কার্ড প্রবেশ করাতে বেশ দেরি হয়ে যায়। প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পর্যন্ত তাঁর গ্রামের বাড়ি ওটুউকেতে ভোট দিতে গিয়ে নিবন্ধনের জন্য অন্তত ৫০ মিনিট অপেক্ষা করতে হয়।
উত্তরাঞ্চলের বড় শহর কানোতে একটি কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং ভোটের সরঞ্জামের জন্য বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয় ভোটারদের। এই কেন্দ্রের ৬৫ বছর বয়সী ভোটার ইসমাইল ওমর বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখানে আছি সকাল ছয়টা থেকে। আর এখন বাজে সাড়ে নয়টা। কর্মকর্তাদের কারও দেখা নেই। নির্বাচন বানচাল করতেই এসব করা হচ্ছে।’
জোনাথনের প্রতিদ্বন্দ্বী সাবেক জেনারেল বুহারি তাঁর নিজ শহর দাউরোতে নির্বিঘ্নেই ভোট দেন। তিনি নিবন্ধন ব্যবস্থার প্রশংসা করে বলেন, ভোটারদের কেন্দ্রে ঠিকমতো আসতে দিলে এই ব্যবস্থায় জালিয়াতি করা একেবারেই অসম্ভব।
জোনাথন গুডলাকের পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় আছে। তবে সাবেক সেনা কর্মকর্তা মোহম্মাদু বুহারির দল অল প্রোগ্রেসিভ কংগ্রেস (এপিসি) এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলেছে ক্ষমতাসীন দলকে। ২০১১ সালে এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর সংঘর্ষে অন্তত ৮০০ মানুষ নিহত হয়।