কাস্ত্রো যেভাবে বদলে দেন আফ্রিকার দক্ষিণাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় চিরদিনই হয়তো ফিদেল কাস্ত্রোর দুটি ভাবমূর্তি পাশাপাশি থাকবে। একটি হচ্ছে সফল বিপ্লবী আর সমাজতন্ত্রীদের আলোকবর্তিকার। অন্যটি কঠোর স্বৈরশাসকের। তবে একটি বিষয়ে কোনো দ্বিমত নেই: আফ্রিকা, বিশেষ করে অ্যাঙ্গোলায় তাঁর ভূমিকা।
১৯৭০-এর দশকের মাঝামাঝি। ইউরোপের দেশ পর্তুগাল আফ্রিকায় এর উপনিবেশগুলোতে যুদ্ধ করতে করতে ক্লান্ত। অ্যাঙ্গোলার তিনটি আলাদা স্বাধীনতাপন্থী আন্দোলন পর্তুগিজ শাসকদের বিরুদ্ধে লড়ছিল। তবে তাদের নিজেদের মধ্যে বিরোধের জেরে একসময় দেশটিতে বেধে যায় গৃহযুদ্ধ। পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলার (এমপিএলএ) পেছনে সমর্থন ছিল সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র কিউবার। অন্য দুটি বাহিনীর মধ্যে জোনাস সাভিম্বির ইউনিটাকে সমর্থন করত বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা ও পশ্চিমা কয়েকটি দেশ আর অ্যাঙ্গোলার প্রতিবেশী কঙ্গো সমর্থন দিত ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলা।
দীর্ঘ ও রক্তক্ষয়ী ভিয়েতনাম যুদ্ধ মার্কিনদের মনোজগতে তখন তৈরি করেছিল দগদগে ক্ষত। সে যুদ্ধ তখন শেষ পর্যায়ে। মার্কিন যুক্তরাষ্ট্র তখনই আরেকটি স্থানে হস্তক্ষেপের জন্য তৈরি ছিল না। দূর থেকে তারা মদদ দিতে লাগল এফএনএলএকে। একপর্যায়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে সমর্থন দেয় ইউনিটাকেও।
পরাশক্তিরা ক্ষমতা ভাগাভাগিতে আগ্রহী হলেও কাস্ত্রো চাইলেন ‘কিছু একটা করতে’। রাশিয়া সেখানে উপদেষ্টা ও অর্থ দিলেও সেনা পাঠায়নি। কাস্ত্রোর জন্য এটা শুধু রাজনৈতিক আদর্শের বিষয় ছিল না। কিউবার অনেক মানুষেরই আদি নিবাস অ্যাঙ্গোলার উপকূলে।
কাস্ত্রো ‘আন্তর্জাতিক সংহতি’ প্রদর্শন তথা বৈশ্বিক মাত্রায় কিছু করার সুযোগ লুফে নিলেন। তিনি তিন হাজার সেনা আর ট্যাংক ও যুদ্ধবিমান পাঠালেন অ্যাঙ্গোলায়। দেশটির ছোট শহর কুইতো কানাহালে দক্ষিণ আফ্রিকা ইউনিটা বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছিল। কিউবার সহায়তাপুষ্ট অ্যাঙ্গোলার বাহিনীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার বাহিনীর চূড়ান্ত যুদ্ধটি হয় ১৯৮৬ সালে। যুদ্ধে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গপ্রধান বাহিনী ব্যাপক ক্ষতির শিকার হয়। তবে তাদের প্রতিরোধ ভেঙে অ্যাঙ্গোলা আরও দক্ষিণে এগোতে পারেনি। এর কিছুদিন পরই সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসা মিখাইল গর্বাচেভ যুক্তরাষ্ট্রের দিকে সম্পর্ক উন্নয়নের হাত বাড়ান। অ্যাঙ্গোলায় সমাজতন্ত্রী কিউবা ও পূর্ব জার্মানরা বিমানঘাঁটি করেছে জানার পরও মার্কিনরা একসময়ের মিত্র দক্ষিণ আফ্রিকাকে তা বলেনি। তাদের উপলব্ধি হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন নয়, বরং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদই আফ্রিকা মহাদেশে শান্তির বড় বাধা।