কায়রোতে গির্জায় বোমা, নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কায়রোয় গির্জায় বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি
কায়রোয় গির্জায় বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি

মিশরের রাজধানী কায়রোর একটি গির্জায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আজ রোববার সেন্ট পিটার্স নামের ওই গির্জায় প্রার্থনা অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্স গির্জার সঙ্গে একই ভবনে সেন্ট মার্কস নামের আরেকটি গির্জা রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিওচিত্রে দেখা যায়, গির্জার ভেতরে মেঝেতে রক্ত ও কাপড়ের সঙ্গে বিধ্বস্ত আসবাব ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শী এক নারী এপিকে বলেন, ‘বিস্ফোরণের পর আমি মাথাবিহীন এক নারীর ছিন্নভিন্ন মরদেহ নিয়ে যেতে দেখেছি। বিস্ফোরণের ঘটনায় সবাই হতবিহ্বল হয়ে পড়ি। সেখানে শিশুরা ছিল।’
বিস্ফোরণের পর পর পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে।

এর আগে গত শনিবার গিজা এলাকায় প্রধান সড়কে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত হন। সম্প্রতি গড়ে ওঠা হাসম নামের একটি জঙ্গি গোষ্ঠী ওই হামলা চালানোর কথা স্বীকার করে।

মুসলিম-প্রধান দেশ মিসরের সংখ্যালঘু কপটিক খ্রিষ্টানদের অভিযোগ, তাঁরা দেশটিতে বৈষম্যের শিকার হচ্ছেন।