কুমারী প্রমাণ দিলে শিক্ষাবৃত্তি!

দক্ষিণ আফ্রিকার কাজুলু-নাটাল প্রদেশের প্রত্যন্ত গ্রাম এমসিটশেনি। এই গ্রামেরই দরিদ্র এক পরিবারে জন্ম থুবেলিলে ডোলডোর। সবে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করেছেন এই নারী। খরচ মেটাতে শিক্ষাবৃত্তিও পেয়েছেন তিনি। তবু গ্রাম ছাড়তে ভয় হচ্ছে তাঁর। কারণ, শর্ত আছে একটি—কুমারিত্ব অক্ষত রাখলেই কেবল জুটবে বৃত্তি।
১৮ বছর বয়সী ডোলডো বললেন, ‘কুমারিত্ব বজায় রাখার বিষয়টি শিক্ষিত হওয়ার ক্ষেত্রে আমার একমাত্র সুযোগ। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যয় বহনের সক্ষমতা আমার মা-বাবার নেই।’
অব্যাহতভাবে এই শিক্ষাবৃত্তি পেতে হলে নিয়মিতই কুমারিত্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডোলডোকে। অবশ্য এ নিয়ে তিনি কিছুই মনে করেন না। ডোলডো বলেন, ‘কুমারিত্ব আমাদের সংস্কৃতিরই একটা অংশ। এটা আমার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি কোনো হস্তক্ষেপ নয়। বরং, যখন কুমারী প্রমাণিত হই, তখন গর্ব অনুভব করি।’
মূলত সংস্কৃতির অংশ হিসেবেই স্থানীয় প্রশাসনিক এলাকা ইউথুকেলার মেয়র ডুডু মাজিবুকো এই শিক্ষাবৃত্তি চালু করেছেন। তবে এটা দক্ষিণ আফ্রিকায় কিশোর বয়সে গর্ভধারণ ও প্রাণঘাতী এইডস রোগের জন্য দায়ী ভাইরাস এইচআইভির উদ্বেগজনক হার মোকাবিলায় সহায়তা করবে বলে মনে করছেন এ উদ্যোগের সমর্থকেরা। তবে মানবাধিকার কর্মীরা এর সমালোচনায় মুখর। তাঁদের মতে, শিক্ষার সুযোগ ও যৌনতাকে এভাবে গুলিয়ে ফেলা উচিত নয়।
নারীদের নিয়ে কাজ করা সংগঠন পিপল অপোজিং উইমেন অ্যাবিউজের কর্মকর্তা পালেসা এমপাপা বলেন, সবচেয়ে উদ্বেগের ব্যাপারটা হলো, তারা কেবল মেয়েশিশুর ওপরে আলোকপাত করছে। এটা বৈষম্যমূলক। আর এটা কিশোরীদের গর্ভধারণ বা এইচআইভির সংক্রমণের হার রুখতে কাজে দেবে না বলেও মনে করেন তিনি। পালেসা বলেন, ‘এ জন্য কেবল মেয়েদেরই দোষারোপ করা করা ঠিক হবে না।’
দক্ষিণ আফ্রিকার এই অংশে কুমারিত্ব পরীক্ষা সাধারণ ঘটনা। স্থানীয় জুলু সংস্কৃতি মোতাবেক, বয়োজ্যেষ্ঠ নারীরা এই পরীক্ষার কাজটা সম্পন্ন করেন। পরীক্ষায় উত্তীর্ণ নারীরা জুলু রাজার বাড়িতে আয়োজিত বার্ষিক লাঠিনৃত্যে অংশগ্রহণের সুযোগ পান। দক্ষিণ আফ্রিকার আইনেও কুমারিত্ব পরীক্ষা নিষিদ্ধ নয়। তবে সম্মতি নিয়ে তা করতে হয়। ২০১৩ সালের এক জরিপ মোতাবেক, দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা কিশোরীর সংখ্যা প্রায় এক লাখ।