কেন ক্ষোভে ফুঁসছে লিবীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার পার্লামেন্ট ভবন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা
ছবি: রয়টার্স

লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলে রাজপথে নেমে এসেছেন বিক্ষোভকারীরা। রাজনৈতিক অচলাবস্থা ও জীবনমান নিয়ে ক্ষোভ বাড়ায় দেশটিতে ক্রমেই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। খবর আল–জাজিরার।

সাম্প্রতিক দিনগুলোয় লিবিয়াজুড়ে বিক্ষোভ ক্রমেই বাড়ছে। পূর্বাঞ্চলীয় তোবরুক শহরে গত শুক্রবার পার্লামেন্ট ভবন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

এদিকে কয়েক শ বিক্ষোভকারী রাজধানী ত্রিপোলির কেন্দ্রে জড়ো হন। তাঁরা সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর এবং নিত্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।

সাংবিধানিক কাঠামো ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অচলাবস্থার মধ্যে রয়েছে লিবিয়ার বহু ধারায় বিভক্ত রাজনৈতিক পক্ষগুলো। জাতিসংঘের মধ্যস্থতায় কায়রো ও জেনেভায় ত্রিপোলির হাইকাউন্সিল অব স্টেট এবং তোবরুকের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রতিনিধিদের মধ্যে আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এমন অবস্থায় দেশটিতে বিক্ষোভের ঘটনা ঘটছে।

ত্রিপোলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাতে চেষ্টারত পক্ষগুলো তেল অবরোধ অব্যাহত রাখায় অনিশ্চয়তা আরও বেড়েছে। তারা এর পরিবর্তে সিরতেভিত্তিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাশাগাহর নেতৃত্বাধীন প্রতিদ্বন্দ্বী সরকার প্রতিষ্ঠা করতে চায়।

লিবিয়ার শিক্ষাবিদ ও লেখক আহমেদ মায়োফ বলেন, ‘বিক্ষোভকারীদের রাজপথে নেমে আসার সিদ্ধান্তের অনেক কারণ আছে। তবে সংক্ষেপে বলা যেতে পারে, রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে রাজনীতিকদের ব্যর্থতা এবং সাধারণ মানুষকে জিম্মি করে ক্ষমতার জন্য পরস্পরের মল্লযুদ্ধকে বেছে নেওয়ার কারণে এ বিক্ষোভ।’

আহমেদ মায়োফ বলেন, রাজনীতিকদের এই ব্যর্থতার কারণে দেশজুড়ে জীবনযাত্রার মান কমেছে। এমনকি রাজনীতিতে আগ্রহ নেই, এমন মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

লিবিয়ার সাংবাদিক মুস্তফা ফেতোরিও এ বিষয়ে একমত। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পুরো স্থিতাবস্থার বিরুদ্ধেই এই বিক্ষোভ। এর মধ্যে রয়েছে ত্রিপোলির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আবদুল হামিদ দিবাহ ও সিরতের বাশাগাহ—উভয়ের সরকারই।

ফেতোরি বলেন, ‘বিক্ষোভের মূল কারণ লিবিয়ায় জীবনযাত্রার মানের অবনমন। বিশেষ করে টানা লোডশেডিং, কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়া এবং নির্বাচনের বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মানুষ।’

তবে ত্রিপোলিভিত্তিক লিবীয় শিক্ষাবিদ ইউসুফ বাখবাখির মতে, বিক্ষোভের কারণ সেটি কোনো এলাকায় হচ্ছে, তার ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘ত্রিপোলিতে কর্মসংস্থানের মতো বিষয়গুলো নিয়ে ক্রমবর্ধমান অভিযোগ ও হতাশা থেকে দিবাহর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।’

ইউসুফ বলেন, ‘তোবরুকে বিক্ষোভের কারণগুলো অনেকটা রাজনৈতিক। অনেকটাই ভাড়াটে যোদ্ধাদের উপস্থিতি এবং নির্বাচন ঠেকিয়ে রাখার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রাজনীতি ঘিরে।’

বিক্ষোভ আরও বাড়তে পারে

দেশটির দীর্ঘ সময়ের নেতা মুহাম্মার গাদ্দাফিকে ২০১১ সালে উৎখাত ও হত্যার পর অস্থিতিশীলতা ও গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত আজকের লিবিয়া।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২১ সালে জাতীয় সংলাপের ভিত্তিতে দিবাহর নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়। শর্ত ছিল, ওই বছরের ডিসেম্বরে তারা নির্বাচনের আয়োজন করবে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। এতে দিবাহর সরকারের বৈধতা নিয়ে বির্তক শুরু হয়।

এরপর ২০২২ সালে ক্ষমতাধর খলিফা হাফতার সমর্থিত তোবরুকের হাউস অব রিপ্রেজেন্টেটিভস বিতর্কিতভাবে বাশাগাহকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে সরকার গঠনের দায়িত্ব দেয়। হাফতারের বাহিনী ২০১৯ সালজুড়ে রাজধানী ত্রিপোলি অবরুদ্ধ করে রেখেছিল। পরে তুরস্কের সামরিক হস্তক্ষেপে সেখান থেকে বিতাড়িত হয়।

মে মাসে ত্রিপোলিতে প্রবেশ করে সরকার গঠনের প্রচেষ্টা চালান বাশাগাহ। তবে দিবাহর সশস্ত্র মিলিশিয়াদের শক্ত প্রতিরোধের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত সিরতে থেকেই কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাশাগাহ।

ওই ঘটনার পর দিবাহর সরকারকে পদত্যাগে বাধ্য করতে পূর্বাঞ্চলের তেলক্ষেত্রগুলো আংশিক বন্ধ করে দেয় বাশাগাহ সরকারের সমর্থকেরা। তিনি বলেন, তাঁর সরকারের জন্য পার্লামেন্টে অনুমোদন হওয়া বাজেটের তহবিল যদি কেন্দ্রীয় ব্যাংক সরবরাহ করে, তাহলে তেল অবরোধ তুলে নেওয়া হতে পারে।

তেল অবরোধের কারণে লিবিয়াজুড়ে বিদ্যুৎ–সংকট তীব্রতর হচ্ছে। এটাই সম্প্রতি রাজপথে নেমে আসা বিক্ষোভকারীদের ক্ষোভের প্রাথমিক কারণ।

ইউসুফ বলেন, ‘দিনে চার ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পেট্রল স্টেশনগুলোয় দীর্ঘ সারি। এ ছাড়া রয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও দ্রব্যের মূল্যবৃদ্ধি।’

আরও পড়ুন

ইউসুফ আরও বলেন, ‘পরিবর্তনে চাপ সৃষ্টি করার মতো পর্যায়ে বিক্ষোভ এখনো পৌঁছায়নি। তবে বিক্ষোভ আরও বাড়তে পারে, নিশ্চিতভাবেই এমনটা বলা যায়।’ জীবনমানের অবনমন হলেও লিবীয়রা এই মুহূর্তে ব্যাপকভাবে রাজপথে নেমে আসতে প্রস্তুত নয় বলে মনে করেন ইউসুফ।

বিক্ষোভ সম্ভবত অব্যাহতভাবে বাড়তে থাকবে বলে মনে করেন মায়োফ। তবে তিনি বলেন, ‘যতক্ষণ না বিক্ষোভকারীরা বুঝতে পারেন, জীবনযাত্রার অবমনমনের জন্য দিবাহ ও বাশাগাহ সরকাররে মধ্যে কোনো পার্থক্য নেই; আর এটা বুঝতে পারলেই তখন বিক্ষোভকে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবহার করা কঠিন হবে।’