উত্তর-পূর্ব কেনিয়ায় সোমালিয়ার সীমান্তবর্তী এলাকায় গত সোমবার রাতে সন্দেহভাজন আল-শাবাব জঙ্গিরা টহল পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় সংঘর্ষ হলে ২৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জঙ্গি সংগঠনটি দাবি করেছে। তবে পুলিশের মুখপাত্র বলেছেন, দুই পক্ষের সংঘর্ষে মাত্র একজন পুলিশ নিহত ও চারজন আহত হয়েছে। খবর এএফপির।
স্থানীয় পুলিশের বিবরণ অনুযায়ী, গারিসা কাউন্টির প্রত্যন্ত ইয়ামবিস গ্রামের কাছে সোমবার রাতে দুই দল টহল পুলিশের ওপর জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। পুলিশের মুখপাত্র জর্জ কিনোতি বলেছেন, সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়। তখন কর্মকর্তারা বলেছিলেন, ১৩ জন নিখোঁজ পুলিশের মধ্যে অন্তত ১০ জন নিহত হয়ে থাকতে পারে।
গারিসা কাউন্টির এক বিশ্ববিদ্যালয়েই গত মাসে রক্তক্ষয়ী হামলা চালিয়েছিল জঙ্গিরা।
কাউন্টির কমিশনার জেমস কিয়ানদা পুলিশ নিহত হওয়ার খবরের সত্যতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত সোমালিয়াভিত্তিক আল-শাবাব জঙ্গিরা গারিসায় কয়েক দফা হামলা চালানোর প্রেক্ষাপটে মাত্র কয়েক দিন আগে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিবিরোধী লড়াইয়ে অংশ নিতে ২০১১ সালে সেনা পাঠায় কেনিয়া। ওই সেনাদের প্রত্যাহারের দাবিতে শাবাব জঙ্গিরা প্রায়ই প্রতিবেশী কেনিয়ায় হামলা চালিয়ে আসছে। এর মধ্যে ২০১৩ সালে নাইরোবির অভিজাত ওয়েস্টগেট বিপণিকেন্দ্রে হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়।