কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় নিহত ১৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গতকাল বৃহস্পতিবার অস্ত্রধারীরা একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের জিম্মি করে কমপক্ষে ১৪৭ জনকে হত্যা করেছে। সোমালিয়ার সীমান্তবর্তী গ্যারিসা শহরে এ হামলায় আহত হয়েছেন আরও ৭৯ জন। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালিয়ার জঙ্গি ইসলামপন্থী সংগঠন আল-শাবাব ঘটনার দায় স্বীকার করেছে।
১৯৯৮ সালে দেশটির রাজধানী নাইরোবিতে মার্কিন দূতাবাসে বোমা হামলার পর এটাই কেনিয়ায় সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। আল-কায়েদার ওই হামলায় ২১৩ জন নিহত হয়েছিল।
ঘটনার পর কেনিয়ার উত্তর ও পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় কারফিউ জারি করা হয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিরপরাধ শিক্ষার্থীদের ওপর বন্দুকধারীদের জঘন্য এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুকধারীরা গ্যারিসা ইউনিভার্সিটি কলেজে হামলা করে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গ্রেনেড ছুড়ে দুজন রক্ষীকে হত্যা করা হয়। এরপর তারা ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের জিম্মি করে। সেখানকার মুসলিম শিক্ষার্থীদের বেছে বেছে মুক্ত করে দেওয়া হয়। এরপর খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের শিক্ষার্থীদের জিম্মি করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভবনে গ্রেনেড ছুড়ে ও গুলি করে রক্তের বন্যা বইয়ে দেয় হামলাকারীরা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মুখোশ পরা চারজন অস্ত্রধারী ক্যাম্পাসে ঢুকে নির্বিচারে গুলি করে। এ সময় বেশির ভাগ শিক্ষার্থী ঘুমিয়ে ছিলেন।
ভোর থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা ধরে এই হত্যাযজ্ঞ চলে। অন্তত চার হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জোসেফ এনকাইসেরি। গতকাল রাতে তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা অসংখ্য তরুণ প্রাণকে হারিয়েছি। অন্তত ৭০ জন। আর আহতের সংখ্যা ৭৯, যার মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।’
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের এক ঘণ্টার মধ্যে সে দেশের জাতীয় দুর্যোগ পরিচালনা কেন্দ্র থেকে জানানো হয়, নিহত শিক্ষার্থীর সংখ্যা ১৪৭ জন।
এর আগে কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীদের ধরতে পুলিশ ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে ফেলে। সন্ধ্যারও পরে অভিযান শেষ হয়।
দায় স্বীকার করে আল-শাবাবের এক মুখপাত্র শেখ আলী মাহমুদ এএফপিকে বলেন, বিশ্ববিদ্যালয়ে হামলা এবং অমুসলিমদের জিম্মি করার সঙ্গে তাঁর সংগঠনটি জড়িত। জিম্মি হওয়া ব্যক্তিরা খ্রিষ্টান—এ কথা উল্লেখ করে মাহমুদ বলেন, ‘আমাদের লোকেরা সেখানে পৌঁছে মুসলিমদের মুক্ত করে দেয়। আমরা অন্যদের জিম্মি করে রেখেছি। আমাদের লোকেরা এখনো লড়াই করছে। লক্ষ্য হলো যারা শাবাবের বিরোধী তাদের হত্যা করা।’
কেনিয়ার হাজার হাজার সেনা আফ্রিকান ইউনিয়নের সামরিক অভিযানে অংশ নিয়েছে উল্লেখ করে মাহমুদ বলেন, কেনিয়া সোমালিয়ার সঙ্গে ‘যুদ্ধরত’।
এর আগে ঘটনাস্থলে থাকা পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কয়েকজন ছাত্রকে জিম্মি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বলতে পারছি না ঠিক কতজনকে জিম্মি করা হয়েছে। তবে অনেকেই জিম্মি রয়েছে।’ কেনিয়ার রেডক্রস জানিয়েছে, ৫০ জন ছাত্র ‘নিরাপদে মুক্ত’ হয়েছে। তবে অজানাসংখ্যক লোক সেখানে জিম্মি রয়েছে।
গ্যারিসা শহরটি সোমালিয়া থেকে ১৫০ কিলোমিটার পূর্বে। এর আগেও শহরটি আল-শাবাব জঙ্গিদের আক্রমণের শিকার হয়েছে।
আল-শাবাবের জঙ্গিরা ২০০৩ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে একটি বিপণিবিতানে হত্যাযজ্ঞ চালিয়েছিল। চার বন্দুকধারী চার দিন জিম্মি করে রাখে ওই বিপণিবিতান। আর হত্যা করে অন্তত ৬৭ জনকে।