কেনিয়ায় বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৫
কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পাঁচজনের মধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে যাঁকে সন্দেহ করা হচ্ছে, তিনিও আছেন বলে আজ শনিবার জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মুয়েন্দা জোকার বরাত দিয়ে এএফপি জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনই পুলিশ হেফাজতে আছেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গত বৃহস্পতিবার অস্ত্রধারীরা একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের জিম্মি করে কমপক্ষে ১৪৭ জনকে হত্যা করে। সোমালিয়ার সীমান্তবর্তী গ্যারিসা শহরে এ হামলায় আহত হন ৭৯ জন। আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালিয়ার জঙ্গি ইসলামপন্থী সংগঠন আল-শাবাব ঘটনার দায় স্বীকার করেছে। ভোর থেকে রাত পর্যন্ত প্রায় ১৬ ঘণ্টা ধরে এই হত্যাযজ্ঞ চলে। এ ঘটনায় অন্তত চার হামলাকারী নিহত হয়।
সন্দেহভাজন তিনজন সংগঠকের পরিচয় না জানালেও জোকা বলেন, বাকি দুজনের একজন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এবং অন্যজন তানজানিয়ার নাগরিক। নিরাপত্তাকর্মী সোমালিয়ান বংশোদ্ভূত ওসমান আলি দাগানে আক্রমণকারীদের সহায়তা করছিলেন। তাঁর কাছে কিছু জিহাদি সরঞ্জাম পাওয়া গেছে। আর রশিদ চার্লস বার্সারো নামে অন্য আরেকজনকে বিশ্ববিদ্যালয়ের ছাদে লুকিয়ে থাকা অবস্থায় গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে গ্রেনেড ছিল বলে জানান জোকা।