কেনিয়ায় আরও রক্তগঙ্গার হুমকি আল-শাবাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সোমালিয়ার জঙ্গি সংগঠন আল-শাবাব কেনিয়ার নাগরিকদের ‘আরেকটি রক্তগঙ্গা’ বইয়ে দেওয়ার হুমকি দিয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের গারিসা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালানোর দুদিন পর আল-শাবাব এ হুমকি দিল। গত বৃহস্পতিবার তাদের মুখোশধারী সশস্ত্র জঙ্গিরা ওই বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৪২ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৪৮ জনকে হত্যা করে।
কেনিয়ার নাগরিকদের উদ্দেশে এক বিবৃতিতে আল-শাবাবের পক্ষ থেকে বলা হয়, ‘তোমাদের সরকার আমাদের মুসলিম ভাইদের হত্যা ও তাদের প্রতি অত্যাচার বন্ধ না করলে এবং কেনিয়ার সব মুসলিম অঞ্চল স্বাধীন না হওয়া পর্যন্ত কোনো কিছুই আমাদের প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে পারবে না। ওই সময় পর্যন্ত কেনিয়ার শহরগুলো রক্তে লাল হতে থাকবে। এটা হবে দীর্ঘমেয়াদি ভয়াবহ যুদ্ধ।’
২০১১ সালে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কেনিয়া প্রতিবেশী সোমালিয়ায় সেনা পাঠায়। আল-শাবাবের অভিযোগ, তার পর থেকে কেনিয়ার সেনারা উত্তর-পূর্বাঞ্চলের আদিবাসী সোমালি অঞ্চল এবং দক্ষিণ সোমালিয়ায় ‘মুসলিমদের বিরুদ্ধে অবর্ণনীয় নৃশংসতা’ চালাচ্ছে।
গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলার সময় কীভাবে সুনির্দিষ্টভাবে অমুসলিমদের আলাদা করে হত্যার জন্য এক জায়গায় জড়ো করা হয়, তার বর্ণনাও দেওয়া হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ‘মুজাহিদরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আকস্মিক হামলা চালায় এবং দ্রুত হলে গিয়ে সেখানকার বাসিন্দাদের জড়ো করে। শুধু অমুসলিমরাই হামলার লক্ষ্য ছিল। ’
সাবেক শিক্ষক পরিকল্পনাকারী?: হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কয়েকজনকে প্রতিবেশী সোমালিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন নিরাপত্তা প্রহরী।
এদিকে পুলিশ বলছে, কেনিয়ার গারিসা শহরেরই এক মাদ্রাসার সাবেক শিক্ষক মোহামেদ মোহামুদ এ ঘটনার মূল হোতা বলে তারা সন্দেহ করছে। তিনি হামলায় অংশ না নিলেও এর পরিকল্পনা করেন। মৃদুভাষী, শান্ত মানুষ হিসেবে পরিচিত থাকলেও তিনি পরে জঙ্গি হয়ে উঠে আল-শাবাবে যোগ দেন। পুলিশ তাঁকে ধরিয়ে দিতে ২ লাখ ১৫ হাজার ডলারের সমপরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন: এদিকে বিশ্ববিদ্যালয়ে ওই হামলার পর জঙ্গিদের সতর্কবার্তা কেন উপেক্ষা করা হয়েছে সে ব্যাপারে কেনিয়ার জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। দেশটির পত্রিকাগুলো জানিয়েছে, স্কুল বা বিশ্ববিদ্যালয়ে আসন্ন হামলার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল। স্থানীয় লোকজন প্রশ্ন তুলেছেন, হামলার ব্যাপারে সতর্কবার্তা থাকার পরও কেন নিরাপত্তা জোরদার করা হয়নি। বৃহস্পতিবার গারিসা বিশ্ববিদ্যালয়ে যখন হামলার ঘটনা ঘটে, তখন সেখানে মাত্র দুজন প্রহরী ছিলেন।