কেনিয়ার গণমাধ্যমে সরকারকে ধোলাই
কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের জঙ্গি হত্যাকাণ্ড শুরু হওয়ার পর সেখানে বিশেষ বাহিনী পৌঁছাতে সাত ঘণ্টা সময় নেয় দাবি করে এর সমালোচনা করেছে গণমাধ্যম। তবে সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। খবর এএফপির।
দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য নেশন এক প্রতিবেদনে গতকাল রোববার লিখেছে, স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় হামলা শুরু হওয়ার পরপরই দ্রুত নাইরোবিতে বিশেষ বাহিনী জিএসইউয়ের রেসি কোম্পানিকে সতর্ক করা হয়। কিন্তু প্রধান নিরাপত্তা দলটি সেখানে পৌঁছে বেলা দুইটার কিছু আগে।
পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, ‘এই গুরুত্বহীনতার কারণে সন্ত্রাসীরা বড় ধরনের সুযোগ পেয়েছে।’
উল্লেখ্য, উত্তর-পূর্ব কেনিয়ার গারিসা শহর রাজধানী নাইরোবি থেকে ৩৬৫ কিলোমিটার দূরে।
দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার সম্পাদকীয় পাতায় গতকাল একটি কার্টুন ছাপা হয়েছে। তাতে দেখানো হয়েছে সন্ত্রাসীদের হুমকি সত্ত্বেও নিরাপত্তা বাহিনী ঘুমিয়ে রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমওয়েন্ডা এনজোকা মিডিয়ার সমালোচনা প্রত্যাখ্যান করেছেন। দ্য নেশন পত্রিকাকে তিনি বলেন, ‘ওই ঘটনাটি আমরা কীভাবে মোকাবিলা করেছি, তা খেয়াল করলে দেখবেন ওয়েস্টগেটের ঘটনার তুলনায় তা মোটেই খারাপ নয়।’