কেনিয়ার গ্রামে সৌর টিভির আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার একটি গ্রামে সৌর টিভি দেখছেন গ্রামবাসী l ছবি: ‘এম-কোপা সোলার’এর ওয়েবসাইট থেকে নেওয়া
কেনিয়ার একটি গ্রামে সৌর টিভি দেখছেন গ্রামবাসী l ছবি: ‘এম-কোপা সোলার’এর ওয়েবসাইট থেকে নেওয়া

১৬ ইঞ্চি পর্দার একটি টেলিভিশন সূর্যের আলোর শক্তিতে চলে। কেনিয়ার একটি গ্রামে ভায়োলেট এমউইকালির বাড়িতে নতুন সংযোজন এই যন্ত্র। এটি বিনোদনের পাশাপাশি বয়ে এনেছে প্রশান্তিও। নিত্যদিনের চেঁচামেচি-ঝগড়াঝাঁটি বন্ধ হয়েছে, ছেলেমেয়েরাও এখন আর টিভি দেখতে প্রতিবেশীর ঘরে যায় না।
রাজধানী নাইরোবির পূর্বে মাশাকোস কাউন্টির লুকেনিয়া গ্রামের আরও অনেকের মতো এমউইকালিও টিভিটি কিনেছেন এম-কোপা সোলারের কাছ থেকে। নাইরোবির এই প্রতিষ্ঠানটি যেসব প্রত্যন্ত জায়গায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, সেখানে বিভিন্ন সৌরযন্ত্র সরবরাহ করে। তারা গত ফেব্রুয়ারি থেকে ফ্ল্যাটস্ক্রিনের ডিজিটাল টিভি বিক্রি করছে। সঙ্গে একটি সৌর প্যানেল ও বহনযোগ্য ব্যাটারি, যা দিয়ে দু-একটি বাতি জ্বালানো ও মুঠোফোনে চার্জ দেওয়া সম্ভব।
সৌর টিভি কিনেছেন মার্গারেট এনডুজ নামের আরেক নারীও। তিনি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ নিতে বহু দৌড়ঝাঁপ করেও সফল হননি। জেনারেটর কিনেছিলেন। কিন্তু তাতে বড্ড আওয়াজ আর ধোঁয়া। তেলের দাম শোধ করাটাও কষ্টসাধ্য হয়ে পড়ছিল। কিন্তু এখন সৌর প্যানেল নেওয়ার পর ঝামেলা কমেছে। সূর্যের আলো না থাকলেও ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎশক্তি ব্যবহার করে ঘরের অন্ধকার দূর হচ্ছে, টিভিও চলছে।
কেনিয়া অডিয়েন্স রিসার্চ ফাউন্ডেশনের গত বছরের তথ্য, দেশটিতে প্রতিদিন এক-তৃতীয়াংশেরও কম পূর্ণবয়স্ক মানুষের কাছে টিভি পৌঁছায়। আর বাকিরা বিদ্যুৎ-সংযোগের অভাবে টিভি দেখতে পায় না।
এম-কোপার টেলিভিশন ও সৌর প্যানেলের দাম প্রায় ৫৩০ মার্কিন ডলার। ক্রেতাদের প্রথম দফায় ৭৯ ডলার দিতে হয়। বাকি টাকাটা দৈনিক এক ডলার হিসেবে কিস্তিতে শোধ করলেই চলে। জাতীয় গ্রিডের বিদ্যুৎ-সংযোগ নিতে গেলে আরও বেশি খরচ (প্রথম দফায় ১৪৮ ডলার) পড়ে। এর সঙ্গে মাসে মাসে বিলও দিতে হয়। এম-কোপার প্রধান নির্বাহী জেস মুর মনে করেন, তুলনামূলক বেশি দরিদ্র দেশগুলো একসময় সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব ব্যবস্থার দিকেই ঝুঁকে পড়বে।